হারারেতে রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষা
হারারেতে দ্বিতীয় ও শেষ টেস্টে ২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান।
শেষ দিনে জয়ের জন্য অতিথিদের প্রয়োজন ১০৬ রান, আর স্বাগতিক জিম্বাবুয়ের ৫ উইকেট।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবের ব্যাটিং-দুরূহ পিচে মোহাম্মদ হাফিজের (১৬) ব্যর্থতায় ৩০ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে গেলেও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মনজুরের দৃঢ়তায় এগিয়ে যাচ্ছিল পাকিস্তান।
তবে তিন ওভারের ব্যবধানে মনজুর (৫৪) ও অভিজ্ঞ ইউনুস খানের (২৯) বিদায় অস্বস্তিতে ফেলে দেয় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অতিথিদের।
১৩৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর দলের আর কোনো ক্ষতি হতে দেননি অধিনায়ক মিসবাহ-উল-হক ও উইকেটরক্ষক আদনান আকমল। দিন শেষে মিসবাহ ২৬ ও আদনান ১৭ রানে অপরাজিত।
