পয়েন্ট ভাগাভাগি করতে রাজি নয় ভিক্টোরিয়া
নবাগত কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে পয়েন্ট ভাগাভাগির সিদ্ধান্ত মানতে রাজি নয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পরিত্যক্ত ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
গত মঙ্গলবার লিগের উদ্বোধনী দিনে বিকেএসপির দুই নম্বর মাঠে ভিক্টোরিয়ার প্রতিপক্ষ ছিল কলাবাগান অ্যাকাডেমি। আগের রাতের বৃষ্টির কারণে সেদিন এবং পরদিন রিজার্ভ ডে’তেও খেলা সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
সেজন্য স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ ভিক্টোরিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ও লিগের আয়োজক ঢাকা মহানগর ক্রিকেট কমিটিকে (সিসিডিএম) তারা লিখিতভাবে অন্য ভেন্যুতে ম্যাচটি আয়োজনের দাবি জানিয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়ার সাধারণ সম্পাদক নেসার আহমেদ কাজল বলেন, “আমরা গত আসরের চ্যাম্পিয়ন। অথচ আমাদের এমন এক ভেন্যুতে খেলা দিল যেখানকার মাঠের অবস্থা যাচ্ছেতাই। ঐ মাঠে আগামী সাত দিনেও খেলা সম্ভব হবে কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে।”
“মাঠ খেলার অনুপযুক্ত থাকায় সিসিডিএম উদ্বোধনী খেলা বাতিল করে পয়েন্ট ভাগ করে দিয়েছে। অথচ একই কারণে আবাহনী ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) মধ্যকার ম্যাচটি বাতিল না করে ভেন্যু সরিয়ে ফতুল্লা স্টেডিয়ামে নেয়া হয়েছে। তাহলে আমাদের দোষ কোথায়? কেন আমাদের ম্যাচের ভেন্যু সরিয়ে নেয়া হলো না?”
“গত বছর আমাদেরকে অন্যায়ভাবে আবাহনীর সঙ্গে এক ম্যাচ দুবার খেলতে বাধ্য করা হয়েছিল। অথচ বাইলজে এমন নিয়ম ছিল না। ম্যাচের আগের দিন ব্যক্তিগতভাবে ভেন্যু পরিদর্শন করে সিসিডিএমকে জানিয়েছিলাম, মাঠ খেলার অনুপযুক্ত। বাইলজে আছে খেলা শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে ভেন্যু পরিবর্তন করা যায়। অথচ আমরা ২৪ ঘন্টা আগে তাদের জানিয়েছিলাম,” যোগ করেন তিনি।
রোববারের মধ্যে সিসিডিএম পয়েন্ট ভাগাভাগির সিদ্ধান্ত পরিবর্তন না করলে কঠোর কর্মসূচী দেয়ার কথাও ঘোষণা করেন ভিক্টোরিয়ার সাধারণ সম্পাদক।
