জয় দিয়ে শুরু শেখ জামালের
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে জিতলেও লড়াই করে ১৬ রানে কলাবাগান ক্রীড়া চক্রকে হারাতে হয়েছে তাদের।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৬২ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। জবাবে ৯ উইকেটে ২৪৬ রানে থেমে যায় কলাবাগানের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে মিথুন আলী (৩৯), ফরহাদ হোসেন (৪১) ও চামারা কাপুগেদারা (৪৬) কলাবাগানকে ৪ উইকেটে ২০৪ রানের সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ৬৩ রান প্রয়োজন ছিল গত মৌসুমে অষ্টম স্থানে থাকা দলটির।
অধিনায়ক নাঈম ইসলাম (৫০) অনেক চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা না পাওয়ায় ১৬ রানের ব্যবধান ঘোচেনি।
শেখ জামালের পক্ষে পেসার শফিউল ইসলাম ৩ উইকেট নেন ৬৪ রানে। দুটি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ও শ্রীলঙ্কার অফস্পিনার দিলশান মুনাবীরা।
এর আগে জহুরুল ইসলামের (২২) সঙ্গে জুনায়েদ সিদ্দিকের ৫৭ রানের উদ্বোধনী জুটি শেখ জামালকে ভালো সূ্চনা এনে দেয়। তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের (৪৩) সঙ্গে ৯০ রানের আরেকটি চমৎকার জুটি গড়ে দলকে ৩ উইকেটে ১৯৬ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান জুনায়েদ।
মাত্র ৫ রানের জন্য শতক বঞ্চিত জুনায়েদ ৩৮তম ওভারে আউট হয়ে যান। ১০০ বলে খেলা তার ৯৫ রানের ইনিংসে ৬টি চার ও তিনটি বিশাল ছক্কা।
জাতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শেখ জামাল। শেষ ৭ উইকেটের পতন হয় ৬৬ রানের ব্যবধানে।
৩৩ রানে ৫ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার শ্রীলঙ্কান অলরাউন্ডার জিহান মুবারক।
