ক্রিকেট কোচিং স্কুলকে আবাহনীর শিক্ষা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ২১২ রানে হারিয়েছে আবাহনী।
আবাহনীর এই বিশাল জয়ের নায়ক ছয় উইকেট নিয়ে ফতুল্লাকে লিস্ট ‘এ’ -এর সপ্তম সর্বনিম্ন ৩৫ রানে অলআউট করে দেয়া পেসার আল আমিন।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওয়ালটন রেফ্রিজারেটর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে আবাহনী। ৪৯ ওভার ৪ বলে অলআউট হওয়ার আগে ২৪৭ রান করে তারা।
ম্যাচ সর্বোচ্চ রান শ্রীলঙ্কান উইকেটরক্ষক ইন্ডিকা ডি সরমের (৫২)। এছাড়া নাজিম উদ্দিন (৪১), মোসাদ্দেক হোসেন সৈকত (৩৯), থারাঙ্গা পারানাভিতানা (৩২) ও তাপস ঘোষ (৩০) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।
জবাবে আল-আমিনের তোপ ও নাবিল সামাদের ঘূর্ণিতে মাত্র ২০ ওভার ২ বলে অলআউট হয়ে যায় সিসিএস। দলের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেন নি।
২ টি মেডেনসহ ৮ ওভারে ১৬ রানে ৬ উইকেট নিয়ে মূল হন্তারক আল-আমিনই। ২১ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি।
৬.২ ওভার বল করে ৪ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাবিল।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি সপ্তম সর্বনিম্ন ও বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। চলতি মৌসুমেই লিস্ট ‘এ’ -এর মর্যাদা পেয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ।
লিস্ট ‘এ’ তে বাংলাদেশে সর্বনিম্ন রানের রেকর্ডটি চট্টগ্রাম বিভাগের। ২০০২ সালে সিলেটের বিপক্ষে ৩০ রানে গুটিয়ে গিয়েছিল আকরাম খান, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, নাজিম উদ্দিনের চট্টগ্রাম।
