২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ‘অভিজ্ঞ’ হতে বাংলাদেশে দিলশান

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে আসা তিলকরত্নে দিলশান জানিয়েছেন, আগামী বছরের বাংলাদেশ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করাই তার লক্ষ্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 12:59 AM

Updated : 23 Aug 2022, 06:53 PM

শ্রীলঙ্কার এই উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “কয়েক মাস পর পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। তার আগে প্রিমিয়ার লিগে খেলে আমি কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপও বাংলাদেশেই হবে। সে সময় লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে।”

“মোহামেডানের হয়ে আগে কখনো খেলিনি। তবে ৫/৬ বছর ধরে এই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে এখানে আসতে পেরে আমি আনন্দিত।”

আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার। বাংলাদেশে খেলা উপভোগ করার কথা জানিয়ে দিলশান বলেন, “দ্বিতীয় বিপিএলে মাশরাফির নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে খেলেছিলাম। বাংলাদেশে আরেকটি প্রতিযোগিতায় তার সঙ্গে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে। এটা আমার জন্য আরেকটি ভালো অভিজ্ঞতা হতে যাচ্ছে।” “পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো দলের হয়েই খেলি না কেন, সব সময় আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। সব সময় চেষ্টা করি নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের উইকেট এবং কন্ডিশনের অনেক মিল। আমি এখানে অনেকবার খেলেছি। এখানকার উইকেট কিছুটা শ্লথ আর ব্যাটিং সহায়ক হয়।” এই আক্রমণাত্মক ব্যাটসম্যান আরো বলেন, “কয়েক বছর ধরেই বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। এখানে অনেক তরুণ উঁচু মানের ক্রিকেটার আছে। বিদেশের অনেক তারকা ক্রিকেটার এই লিগে খেলতে আসবে। তরুণদের সামনে তাই অভিজ্ঞতা অর্জনের ভালো সুযোগ।” বৃহস্পতিবার বগুড়ায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মোহামেডানের প্রথম ম্যাচ।