পরিত্যক্ত ম্যাচে ভিক্টোরিয়ার পয়েন্ট ভাগাভাগি
হতাশা দিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ধরে রাখার লড়াই শুরু করলো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। টানা দ্বিতীয় দিন অর্থ্যাৎ 'রিজার্ভ ডে’তেও মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বাতিল হয়ে গেছে নবাগত কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে তাদের প্রথম ম্যাচটি।
বৃষ্টির কারণে লিগের উদ্বোধনী দিন মঙ্গলবার টস করা সম্ভব হয়নি। তাই খেলা সরিয়ে নেয়া হয় রিজার্ভ ডে’তে। বৃহস্পতিবার বিকেএসপির দুই নম্বর মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় আগের দিনই ম্যাচ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন দুই দলের কর্মকর্তারা। বুধবার ঠিক তাই হল, কয়েক দফা মাঠ পর্যবেক্ষণ করে বেলা দুইটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও মোর্শেদ আলী খান।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনই লিগের সূচিতে পরিবর্তন আনতে হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম)।
বৃহস্পতিবার বিকেএসপির দুই নম্বর মাঠের আবাহনী ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) মধ্যকার খেলাটি সরিয়ে নেয়া হয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
বাকি দুই ম্যাচের ভেন্যুতে পরিবর্তন হয়নি। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। আর বগুড়ায় মোহামেডানের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শুক্রবার রাখা হয়েছে 'রিজার্ভ ডে' হিসেবে।
