২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৩ সপ্তাহ মাঠের বাইরে সাকিব

সহসাই মাঠে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। বাম আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের চোটের কারণে আরো তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে এই অলরাউন্ডারকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 08:44 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

রোববার অ্যাপোলো হাসপাতালে এক্সরে করিয়েছিলেন সাকিব। রিপোর্টে দেখা গেছে আঙ্গুলে এখনো চিড় রয়েছে।

সাকিব বলেন, “এখনো চিড় রয়েছে। মাঠে ফিরতে আরো তিন সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে।”

সাকিবের চোট প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, “শেষ এক্সরেতেও চিড় দেখা গেছে। এ ধরনের চোট সারতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় নেয়। ১৮ সেপ্টেম্বর চোট পাওয়ার চার সপ্তাহ পূর্ণ হবে। সে দিন রিভিউ করার পর ওর চোট পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলবেন সাকিব। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের শুরু থেকেই খেলার আশাবাদ প্রকাশ করেছিলেন তিনি।