২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে প্রতীক্ষার প্রিমিয়ার লিগ

বেশ কয়েকবার পেছানোর পর মঙ্গলবার শুরু হচ্ছে ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 04:07 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। পেছাতে পেছাতে লিগ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় আন্দোলনে নামতে হয়েছে ক্রিকেটারদের। জটিলতা তৈরি হয়েছিল দলবদল নিয়েও।

নিলামের মাধ্যমে দলবলের নিয়ম ‘প্লেয়ার বাই চয়েজ’ ক্রিকেটারদের মোটেও পছন্দ হয়নি। তবে লিগের কথা ভেবে শেষ পর্যন্ত রাজি হন তারা।

এ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পৃষ্ঠপোষকতা করবে দেশীয় শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস বলেন, “এবার লিগের অনেক কিছুই নতুন। নতুন পদ্ধতি এসেছে দলবদলে। বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে, তবে প্রত্যেকটা মাঠে বাড়তি গ্রাউন্ডসম্যান ও কাভার দিয়ে আমরা নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছি।”

সুপার লিগ থেকে খেলা টিভিতে সরাসরি সম্প্রচার হতে পারে জানিয়ে জালাল বলেন, “ঢাকার বাইরে খেলা হলে বাজেট বেশ বেড়ে যায়। দ্বিতীয় রাউন্ডের পর খেলা ঢাকায় চলে এলে খরচ কমে যাবে। ঢাকায় খেলা হলে দুই কোটি টাকার মধ্যে টুর্নামেন্টটি হতে পারে।”

গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা বোলার হয়েছিলেন সাকিব আল হাসান। এখনো সেই পুরস্কার হাতে পাননি তিনি। প্রাপ্য পুরস্কার পাননি আরো অনেকেই।

এ প্রসঙ্গে জালাল বলেন, “২০০৮ সাল থেকে পুরস্কার দেয়া হয়নি। অ্যাওয়ার্ড নাইট করে সব বছরের পুরস্কারগুলো দেয়ার পরিকল্পনা রয়েছে।”

দলবদলে নতুন পদ্ধতির কারণে এবার দলগুলোর শক্তির তারতাম্য খুব কম। ভারত ও পাকিস্তানের খেলোয়াড় না আসায় হতাশা থাকলেও লিগ প্রতিদ্বন্দ্বিতার আশা করছে কোচরা। টুর্নামেন্টে প্রাণবন্ত উইকেট চান তারা। গত কয়েক বছরে 'স্লো' উইকেটে খেলা হওয়ায় স্পিন নির্ভরতা বেড়েছে মারাত্মকভাবে।

সিসিডিএম প্রধান বলেন, “আমরা কিন্তু সব সময়ই প্রাণবন্ত উইকেট বানানোর কথা বলি। উইকেটে যেন সবারই কিছু কিছু সুবিধা থাকে। আশা করি, এবার লিগে প্রাণবন্ত উইকেটই দেখা যাবে।”

বৃষ্টির শঙ্কা থাকায় এবার থাকছে 'রিজার্ভ ডে'। যেখানে খেলা শেষ হবে পরদিন সেখান থেকেই খেলা শুরু হবে। রিজার্ভ ডেতে পরিবর্তন হতে পারে ভেন্যুও।

এবার পুরো লিগে একটি পয়েন্ট পদ্ধতিই অনুসরণ করা হবে। দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথম জয়ের সংখ্যা দেখা হবে, এরপর মুখোমুখি লড়াই বিবেচনা করা হবে; তারপর আসবে নেট রান রেট।

অক্টোবরে আইসিসি ওয়ানডের জন্য নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। তবে এবারের লিগে নতুন আইনগুলো কার্যকর হবে না।

এদিকে লিগের প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে সিসিডিএম। উদ্বোধনী দিন বিকেএসপির দুই নম্বর মাঠে শিরোপাধারী ভিক্টোরিয়ার প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। বগুড়ায় রার্নাসআপ গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আর রাজশাহীতে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ১১ সেপ্টেম্বর রিজার্ভ ডে।

পরদিন রাজশাহীতে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। বিকেএসপির দুই নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। বগুড়ায় মোহামেডানের সঙ্গে খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ১৩ সেপ্টেম্বর রিজার্ভ ডে।

পুরনো খবর:

নতুন ঠিকানায় সাকিব ও তামিম, মুশফিক শেখ জামালেই
ক্রিকেট লিগের নিয়মাবলী চূড়ান্ত