ক্রিকেট লিগের নিয়মাবলী চূড়ান্ত
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ‘প্লেয়িং কন্ডিশন’ বা খেলার নিয়মাবলী চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটি।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২টি দলের কোচ ও অধিনায়কদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিয়মাবলীর বিভিন্ন ধারা ব্যাখ্যা করেছেন আম্পায়ার্স কমিটির সদস্যরা।
রিজার্ভ ডে সম্পর্কে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বলেন, “যেখানে খেলা শেষ হয়েছিল পর দিন সেখান থেকেই খেলা শুরু হবে। বৃষ্টি বা কোনো অনাকাঙ্ক্ষিত বাধায় ম্যাচের দৈর্ঘ্য একবার কমানোর পর আর বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।”
“আগের দিন কোনো বল না হলে রিজার্ভ ডেতে নতুন করে টস হবে। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়লে রিজার্ভ ডেতে ভেন্যুও পরিবর্তন হতে পারে।”
এবার পুরো লিগে একটি পয়েন্ট পদ্ধতি অনুসরণ করার কথা জানিয়েছেন আম্পায়ার এনামুল হক মণি। তিনি বলেন, “লিগের প্রথম পর্ব, সুপার লিগ ও রেলিগেশন লিগে একটি পয়েন্ট পদ্ধতির ব্যবহার জটিলতা কমাবে। দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে জয়ের সংখ্যা দেখা হবে, এরপর মুখোমুখি লড়াই বিবেচনা করা হবে, তারপর আসবে নেট রান রেট। নেট রান রেটও সমান হলে টসের আশ্রয় নেয়া হবে।”
