‘আইপিএল ভারতীয় ক্রিকেটের বিদ্যা বালান’
বিতর্কিত কথা বলে প্রায়ই শোরগোল ফেলে দেন বিষান সিং বেদি। ভারতের সাবেক অধিনায়ক এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলকে তুলনা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে।
ভারতীয় ক্রিকেটের গৌরব রক্ষা না করায় দেশটির ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) অভিযুক্ত করেছেন তিনি।
‘ওশিয়ান’ নামের একটি প্রতিষ্ঠান আয়োজিত এক টক-শোতে আইপিএল প্রসঙ্গে ৬৬ বছর বয়সী বেদি বলেন, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে টেস্ট ম্যাচই সবচেয়ে সম্মানজনক ক্রিকেট।”
“কিন্তু নিজেদের সম্মান রক্ষা করার জন্য আমাদের তেমন উৎসাহ নেই। এই সম্মান ক্ষুন্ন হলে ভীষণ খারাপ লাগে।”
ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার আরো বলেন, “আইপিএল হলো ভারতীয় ক্রিকেটের বিদ্যা বালান -- এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট।”
