ইউনুসের দ্বি-শতকে কঠিন পরীক্ষায় জিম্বাবুয়ে
ইউনুস খানের অপরাজিত দ্বি-শতকের ওপরে ভর করে হারারেতে প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ৩৪২ রানের জয়ের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
এই লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। জিততে হলে শেষ দিনে তাদের প্রয়োজন আরো ৩২৯ রান।
শুক্রবার ৪ উইকেটে ১৬৮ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তান দিনের প্রথম ওভারেই আসাদ শফিককে হারিয়ে ফেলে।
তবে ষষ্ঠ উইকেটে আদনান আকমলের (৬৪) সঙ্গে ১১৮ রানের জুটি গড়ে অতিথিদের বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান ইউনুস। দলীয় ২৮৭ রানে আদনানের বিদায়ের পর আব্দুর রেহমান (৯), সাঈদ আজমল (১) ও জুনায়েদ খানকে (৮) দ্রুত ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল জিম্বাবুইয়ানরা।
কিন্তু তাদের হতাশ করে রাহাত আলীকে (অপরাজিত ৩৫) সঙ্গে নিয়ে শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়েন ইউনুস।
২০০ রানে অপরাজিত ইউনুসের ৪০৪ বলের দারুণ ইনিংসটা ১৫টি চার ও তিনটি ছক্কায় সাজানো।
টেস্টে এটা তার ২২তম শতক এবং তৃতীয় দ্বি-শতক। ইউনুস দ্বি-শতকে পৌঁছানোর সঙ্গে-সঙ্গে ৯ উইকেটে ৪১৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
জবাব দিতে নামা জিম্বাবুয়েকে জোর ধাক্কা দিয়েছেন প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া সাঈদ আজমল, দিনের শেষ ওভারে টিনো মায়োয়োকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২৪৯ (আজহার ৭৮, মিসবাহ ৫৩, আজমল ৪৯; চাতারা ৩/৬৪, পানিয়াঙ্গারা ৩/৭১) ও ৪১৯/৯ ডিক্লে. (মনজুর ৫, হাফিজ ১৬, আজহার ০, ইউনুস ২০০*, মিসবাহ ৫২, শফিক ১৫, আদনান ৬৪, রেহমান ৯, আজমল ১, জুনায়েদ ৮, রাহাত ৩৫*; উৎসেইয়া ৩/১৩৭, পানিয়াঙ্গারা ২/৪২, চাতারা ২/৯৯, শিঙ্গিরাই ১/১০০)
জিম্বাবুয়ে: ৩২৭ (ওয়ালার ৭০, চিগুম্বুরা ৬৯, সিকান্দার ৬০; আজমল ৭/৯৫) ও ১৩/১ (মায়োয়ো ২, সিবান্দা ৫*; আজমল ১/০)
