অভিযোগের বিরুদ্ধে লড়ছেন আশরাফুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের নামছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে দেশে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আইনজীবী নিয়োগ করতে ইংল্যান্ড গিয়েছিলাম। সেখান থেকেই অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।”
আশরাফুল বলেন, “আমার আইনজীবী ইয়াসিন প্যাটেল। আপিলের (দোষ স্বীকার অথবা আইনী লড়াইয়ের সিদ্ধান্ত জানাবার) শেষ দিন (২৭ অগাস্ট) তিনি আইসিসিকে আমার সিদ্ধান্ত জানিয়েছেন।”
ইয়াসিন স্পট ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটেরও আইনজীবী।
যাদের বিরুদ্ধে বিপিএলএ ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে একমাত্র আশরাফুলই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছিলেন।
এর আগে নিজেদের নির্দোষ দাবি করে আইনজীবীর মাধ্যমে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত জানিয়েছেন মাহবুবুল আলম রবিন, মোশাররফ হোসেন রুবেল। পৃথক আইনজীবীর মাধ্যমে লড়াইয়ের সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরীও।
অভিযুক্তদের চিঠি পাওয়ার ৪০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে শুনানি শুরু করার নিয়ম রয়েছে।
গত ১৩ অগাস্ট রাজধানীর একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তের পর নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সে দিনই গণমাধ্যমকে আশরাফুল জানিয়েছিলেন শাস্তি মাথা পেতে নিয়ে ক্রিকেটে ফিরতে চান।
বিসিবির দুর্নীতি বিরোধী নীতিমালা অনুযায়ী অভিযুক্তদের সরাসরি প্যানেল প্রধানের কাছে তাদের সিদ্ধান্ত জানানোর কথা। তবে আইসিসি এই প্রক্রিয়ায় বিসিবির হয়ে কাজ করছে বলে যে কেউ আইসিসির মাধ্যমেও সিদ্ধান্ত জানাতে পারে বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আকসুর দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। স্বীকারোক্তি দেয়ার পর গত ৪ জুন সব ধরনের ক্রিকেট থেকে আশরাফুলকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বিসিবি। সেদিনই ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান।
অভিযুক্ত নয় জনই টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত। এরা হলেন, দলের মালিক সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, সিইও গৌরব রাওয়াদ, বোলিং কোচ মোহাম্মদ রফিক, পাঁচ খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম, মোশাররফ হোসেন, ড্যারেন স্টিভেন্স ও কৌশল লুকুয়ারাচ্চি।
