২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াতেই যাচ্ছেন পেসার হাসান

মেরুদণ্ডের চোট সারাতে অস্ট্রেলিয়াতেই যাচ্ছেন পেসার আবুল হাসান রাজু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হ্যাঁ, অস্ট্রেলিয়াতেই যাচ্ছি। অস্ত্রোপচারটা হবে একটু জটিল ধরনের। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের এ ধরনের অনেক অস্ত্রোপচারের অভিজ্ঞতা রয়েছে। এখন এ নিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে।”

হাসান বলেন, “অস্ট্রেলিয়ার ভিসার জন্য আজ ফর্ম পূরণ করে এসেছি। এখন শুধু মেলবোর্নের চিকিৎসকের সঙ্গে আমার অ্যাপয়ন্টমেন্টটা হয়ে গেলেই অস্ট্রেলিয়া যাব। হয়ত এক কি দুই সপ্তাহের মধ্যে যেতে পারবো।”

“আগেই তো যাওয়া হতো। গত ২৭ অগাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় তা বাতিল হয়ে যায়,” যোগ করেন অভিষেকে দশ নম্বরে নেমে শতক করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া হাসান।

হাসানের চিকিৎসা থাইল্যান্ড না অস্ট্রেলিয়ায় হবে তা নিয়ে নাটকীয়তা কম হয়নি। শেষ পর্যন্ত মার্চের শ্রীলঙ্কা সফরের পর থেকে মাঠের বাইরে থাকা এই পেসার যাচ্ছেন অস্ট্রেলিয়াতেই।

মেরুদণ্ডের একটি চাকতি স্থানচ্যূত হয়ে যাওয়ায় স্নায়ুতে আঘাত লাগছে হাসানের। অস্ত্রোপচার শেষে এই পেসারের মাঠে ফিরতে কত দিন লাগতে পারে জানতে চাইলে বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, “মাঠে ফিরতে ১২ সপ্তাহের বেশি সময় লাগবে হাসানের। খেলার জন্য কবে নাগাদ পুরোপুরি ফিট হবেন তা নির্ভর করবে তার পুনর্বাসনের ওপর।”