পাকিস্তানের ক্রিকেটার ছাড়াই প্রিমিয়ার লিগ
বিপিএল এর দ্বিতীয় আসরের পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পাকিস্তানের কোনো ক্রিকেটার খেলছেন না।
দ্বিতীয় বিপিএলে শেষ মুহূর্তে পাকিস্তান তাদের খেলোয়াড় আটকে দেয়। সে সময়ই পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়াই ঘরোয়া টুর্নামেন্টগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা আর না পাল্টানোর আভাস দিয়েছেন
রোববার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, “গত বিপিএলে পাকিস্তান শেষ মুহূর্তে তাদের কোনো ক্রিকেটার দেয়নি। সে সময় সিদ্ধান্ত ছিল, পাকিস্তানের খেলোয়াড় ছাড়াই আমাদের ঘরোয়া খেলাগুলো চালিয়ে যাব। এখন নতুন করে আমাদের কোনো সিদ্ধান্ত নেই যে, এই লিগে আমরা পাকিস্তানের কোনো খেলোয়াড় অ্যালাউ করবো কি না।”
বৃষ্টির কারণে ১০ সেপ্টেম্বর থেকে লিগ শুরু করা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, “বৃষ্টি আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে নির্ধারিত সময়েই লিগ শুরুর প্রস্তুতি নিয়ে এগোচ্ছি আমরা। বিকেএসপির দুই নম্বর মাঠ, বগুড়া ও রাজশাহীতে খেলা হবে। একটি ভেন্যুতে হলেও খেলা হবে।”
“বগুড়া খুব ভালো মাঠ। রাজশাহী মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো; ওখানে যথেষ্ট পিচ কাভার এবং গ্রাউন্ডসম্যান প্রস্তুত রেখেছি। একটি করে রিজার্ভ ডে আছে। যেখানে খেলা শেষ পরদিন সেখান থেকে খেলা হবে।”
ফতুল্লার দুটি মাঠ ও শের-ই-বাংলা স্টেডিয়ামেও খেলা হতে পারে জানিয়ে জালাল বলেন, “ফতুল্লার আউটার মাঠের উইকেট একেবারেই নতুন। নতুন উইকেটে খেলানো একটু সমস্যা আছে। ১৮ তারিখ থেকে ফতুল্লা মাঠ হয়তো পাবো, ২১ তারিখের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পাওয়া যেতে পারে।”
