২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাই দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 11:45 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শনিবার ডারহ্যামের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৫ রান করে ইংল্যান্ড।

মাইকেল লাম্বের (২৭ বলে ৪৩) সঙ্গে অ্যালেক্স হেলসের মাত্র ৬৮ বলে ১১১ রানের উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত রচিত।

এই জুটি ভাঙ্গার পর লুক রাইট (১৮ বলে ৩০) ও ওয়েন মর্গানকে (১১ বলে ২০) সঙ্গে নিয়ে স্বাগতিকদের দু শ’র কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব হেলসের। হেলসের মাত্র ৬১ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসে ১১টি চার ও দুটি ছক্কা।

২৫ রানে ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত লেগস্পিনার ফাওয়াদ আহমেদ।

জবাবে দলীয় ১৫ রানে আগের ম্যাচে টি-টোয়েন্টির ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস (৬৩ বলে ১৫৬ রান) খেলা অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসনকে হারালেও অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ডেভিড ওয়ার্নার (৫৩)।

কিন্তু দলীয় ১১১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর অতিথিরা আর পেরে ওঠেনি।

ইংল্যান্ডের পক্ষে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ডানহাতি পেসার জেড ডার্নবাখ।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৯৫/৫ (লাম্ব ৪৩, হেলস ৯৪, রাইট ৩০, মর্গান ২০, বাটলার ০, বোপারা ১*, রুট ১*; ফাওয়াদ ৩/২৫, ফকনার ২/৩৭)

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৬৮/৯ (ওয়ার্নার ৫৩, ফিঞ্চ ৫, ওয়াটসন ৭, মার্শ ১৩, বেইলি ২৩, ম্যাক্সওয়েল ২৭, ওয়েড ৪, ফকনার ৫, জনসন ৩*, কোল্টার-নাইল ১৩, ফাওয়াদ ৩*; ডার্নবাখ ৩/২৩, ব্রিগস ২/২৫, রুট ১/২৫, ব্রড ১/২৭, ফিন ১/৩০)

ম্যাচ সেরা: অ্যালেক্স হেলস।