প্রস্তুতি ম্যাচের দিকে চেয়ে মাশরাফি
প্রস্তুতি ম্যাচের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বলেন, “টেস্টে ফেরার ব্যাপারে এখনই কোনো মন্তব্য করা কঠিন। তবে আমি আমার মতো অনুশীলন করছি, চেষ্টা করছি।”
“এটা আমার একার সিদ্ধান্তেও হবে না। নির্বাচক, কোচ, অধিনায়ক আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। আর আমি কেমন বোলিং করি সেটাও একটা ব্যাপার। আমার শরীর কতটুকু নিতে পারছে, তাও দেখতে হবে”, যোগ করেন তিনি।
অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। তার আগে ৩ থেকে ৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
প্রস্তুতি ম্যাচে নিজের সর্বস্ব দিয়েই খেলবেন বলে জানালেন মাশরাফি, “শেষ চার-পাঁচ মাস কোনো ম্যাচ খেলিনি। আমার জন্য সামনের ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি সর্বস্ব দিয়েই চেষ্টা করবো ভালো খেলার জন্য।”
মাশরাফির টেস্ট প্রত্যাবর্তনের সম্ভাবনায় প্রস্তুতি ম্যাচে তার খেলার অপেক্ষায় আছেন প্রধান কোচ শেন জার্গেনসেনও।
“সম্ভব হলে আমি এখনই মাশরাফিকে টেস্ট দলে চাই। সেটি তো সম্ভব নয়, তিন দিনের প্রস্তুতি ম্যাচে ওকে দেখে সিদ্ধান্ত নেব।”
নিউজিল্যান্ডের বিপক্ষে মাশরাফিকে টেস্টে দেখতে চান জার্গেনসেন। চোটের কারণে ২০০৯ সালের পর থেকে টেস্টে খেলেননি নড়াইল এক্সপ্রেস।
মে মাসে জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর ক্রিকেটের বাইরে আছে খেলোয়াড়রা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হলে বেশ কয়েকটি ওয়ানডে খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা। তাই তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেশকে এক টেস্টে নেতৃত্ব দেয়া মাশরাফি।
তিনি বলেন, “দীর্ঘ পরিসরে খেলার ঘাটতির কথা চিন্তা করেই তিন দিনের ম্যাচটা খেলা হচ্ছে। বেশি খেলার সুযোগ নেই তাই ঐ ম্যাচটা থেকেই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে।”
চোটের কারণে দেশের মাটিতে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি মাশরাফির। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এমন কোনো স্বপ্ন আছে কি না জানতে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো আমার কোনো পরিকল্পনা নেই। সামনে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা সিরিজ এরপর এশিয়া কাপ তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপাতত সামনের ম্যাচগুলো নিয়েই ভাবতে চাই।”
