বাংলাদেশ সফরে নেই গাপটিল
গোড়ালির চোটে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসতে পারছে না নিউ জিল্যান্ড ব্যাটসম্যান মার্টিন গাপটিল। শনিবার দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
গত বছর ধরেই চোটে ভুগতে থাকা ২৬ বছর বয়সী গাপটিলকে গোড়ালিতে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন নিউ জিল্যান্ডের ফিজিওথেরাপিস্ট পল ক্লোজ।
নিউ জিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে বলা হয়, "গোড়ালির অস্ত্রোপচারের কারণে গাপটিল বাংলাদেশ সফরে থাকতে পারছেন না। তিনি আগামী নভেম্বরে শ্রীলঙ্কার বিপেক্ষে সিরিজে ফিরতে পারেন।"
ডান-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান গাপটিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে ডান হাতের আঙুল ভেঙে ফেলেন। আঙ্গুলে অবশ্য অস্ত্রোপচার করা লাগবে না। তবে তা অনেকদিন বেধে রাখতে হবে বলে বিবৃতিতে বলা হয়।
সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছিলেন ৭৫টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি খেলা গাপটিল।
অক্টোবরে বাংলাদেশ সফরে দু'টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। টেস্ট সিরিজের জন্য নিউ জিল্যান্ড দল ঘোষণা করা হবে আগামী ৬ সেপ্টেম্বর।
প্রায় তিন বছর আগে বাংলাদেশ সফরে সাকিবদের কাছে ৪-০ তে ওয়ানডে সিরিজ হেরেছিল নিউ জিল্যান্ড।
