‘ফিঞ্চ ঝড়ে’ অস্ট্রেলিয়ার জয়
অ্যারন ফিঞ্চের শতকে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে সহজেই ৩৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারির পর আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাদের প্রথম জয়।
সাউথ্যাম্পটনের রোজ বোলে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেট হারিয়ে ২০৯ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
গত ফেব্রুয়ারিতে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর থেকে জয়ের মুখ না দেখা অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ফিঞ্চ। মাত্র ৬৩ বলে ১৪টি বিশাল ছক্কা ও ১১টি চারের সাহায্যে তার ১৫৬ রান আড়াইশর কাছাকাছি নিয়ে যায় অতিথিদের।
ম্যাচ সেরা ফিঞ্চের এটাই প্রথম আন্তর্জাতিক শতক। এই ইনিংস খেলার পথে পেছনে ফেলেছেন টি-টোয়েন্টির ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডধারী নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে (১২৩)।
৪৭ বলে শতকে পৌঁছানোয় মাত্র ২ বলের জন্য দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির ৪৫ বলে শতকের রেকর্ড ভাঙ্গা হয়নি। তবে লেভির ১৩ ছক্কার রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখন ফিঞ্চেরই।
শন মার্শের (২৮) সঙ্গে ১১৪ ও শেন ওয়াটসনের (৩৭) সঙ্গে ১০১ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ এনে দেন ফিঞ্চ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২৬০ রান করে শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়ার ইনিংস শেষে ফলাফল নিয়ে অনিশ্চিয়তা মোটামুটি শেষ হয়ে যায়। পাঁচ ওভারের ভেতর ইংল্যান্ড ৪২ রানে ৪ উইকেট হারানোর পর আর কোনো সংশয়ই থাকেনি।
৪৯ বলে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে জো রুটের অপরাজিত ৯০, রবি বোপারার ৪৫ ও জশ বাটলারের ২৭ রানের সুবাদে দুশ পেরোয় ইংল্যান্ড।
শনিবার চেস্টার লি স্ট্রিটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২৪৮/৬ (ওয়ার্নার ১, ফিঞ্চ ১৫৬, মার্শ ২৮, ওয়াটসন ৩৭, ম্যাক্সওয়েল ১, বেইলি ১, ওয়েড ১৫*, ফকনার ৫*; ডার্নবাখ ৩/৩৪, ফিন ১/৪৫, ব্রড ১/৪৭, ব্রিগস ১/৫১)
ইংল্যান্ড: ২০ ওভারে ২০৯/৬ (লাম্ব ২২, হেলস ৮, রাইট ৪, মর্গান ০, রুট ৯০*, বোপারা ৪৫, বাটলার ২৭, ব্রড ৪*; জনসন ২/৪১, হেজেলউড ২/৪৩, ফকনার ১/৩৯, ওয়াটসন ১/৪২)
ম্যাচ সেরা: অ্যারন ফিঞ্চ।
