২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের শতকে সমতায় পাকিস্তান

মোহাম্মদ হাফিজের দারুণ এক শতকের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে সহজেই ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা নিয়ে এসেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 10:40 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৯৯ রান করে পাকিস্তান। জবাবে ৪২ ওভার ৪ বলে ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের কাছে প্রায় ১৫ বছর পর ওয়ানডে হারের লজ্জাজনক অভিজ্ঞতা নিয়ে মাঠে নামা পাকিস্তান ২২তম ওভারে ৮৪ রানে তিন উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে ছিল।

তবে উমর আমিনের (৫৯) সঙ্গে ১২৬ বলে ১২৯ এবং শহীদ আফ্রিদির (২৩ বলে অপরাজিত ৩৯) সঙ্গে মাত্র ৪৫ বলে অবিচ্ছিন্ন ৮৬ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন ম্যাচ সেরা হাফিজ।

১৩০ বলে ১৩৬ রানে অপরাজিত হাফিজের দুর্দান্ত ইনিংসে ৫টি বিশাল ছক্কা ও ৯টি চার। ওয়ানডেতে এটা তার ষষ্ঠ শতক। জবাবে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের ৭৯, শন উইলিয়ামসের ৩৭ ও ম্যালকম ওয়ালারের ৪০ রান ৩৯তম ওভারে জিম্বাবুয়েকে ৪ উইকেটে ২০০ রানে পৌঁছে দিয়েছিল। কিন্তু মাত্র ৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে লক্ষ্যের ধারে- কাছেও যেতে পারেনি স্বাগতিকরা। টেইলরকে মোহাম্মদ ইরফানের ক্যাচে পরিণত করে ধসের সূচনা করেন অফস্পিনার সাঈদ আজমল। এরপর বাঁহাতি পেসার জুনায়েদ খান তিনটি ও বাঁহাতি স্পিনার আব্দুর রেহমান দুটি উইকেট নিয়ে অলআউট করে দেন জিম্বাবুয়েকে। ১৫ রানে ৪ উইকেট নিয়ে জুনায়েদ পাকিস্তানের সেরা বোলার। শনিবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে হবে। সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান : ৫০ ওভারে ২৯৯/৪ (জামশেদ ৩২, শেহজাদ ৫, হাফিজ ১৩৬*, মিসবাহ ৩, আমিন ৫৯, আফ্রিদি ৩৯*, ভিটোরি ২/৬৮, উৎসেইয়া ১/৫৪) জিম্বাবুয়ে : ৪২.৪ ওভারে ২০৯ (মাসাকাদজা ২৪, সিবান্দা ২, টেইলর ৭৯, মারুমা ৮, উইলিয়ামস ৩৭, ওয়ালার ৪০, চিগুম্বুরা ০, উৎসেইয়া ৩, পানিয়াঙ্গারা ৩*, চাতারা ২, ভিটোরি ০; জুনায়েদ ৪/১৫, রেহমান ২/৩৬, আজমল ২/৪০, ইরফান ১/৪৫) ম্যাচ সেরা : মোহাম্মদ হাফিজ।