সিলেটে খেলতে আগ্রহী নিউজিল্যান্ড
বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড প্রতিনিধি দলের ব্যবস্থাপক মাইক স্যান্ডল জানিয়েছেন, সময় মতো সংস্কার কাজ শেষ হলে নিউজিল্যান্ড দল আগামী অক্টোবরে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খেলতে আগ্রহী।
সোমবার নিউজিল্যান্ডের চার সদস্যের প্রতিনিধি দল সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা, উইকেট ও আউটফিল্ড এবং সিলেট জেলা স্টেডিয়াম ও ক্যাডেট কলেজের অনুশীলন মাঠ পরিদর্শন করে।
দলটির বাকি তিন সদস্য নিরাপত্তা বিশেষজ্ঞ স্যাম ডিকসন, প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিথ মিলস ও প্লেয়ার অ্যাসোসিয়েশন প্রতিনিধি হেনরি মুর।
পরিদর্শন শেষে স্যান্ডল সাংবাদিকদের বলেন, “সিলেট স্টেডিয়ামের চার পাশের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ ও উইকেটের কাজ শেষ হলে নিউজিল্যান্ড দল এখানে অবশ্যই খেলতে আসবে।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, “নিউজিল্যান্ডের প্রতিনিধি দল স্টেডিয়াম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের আগেই সিলেট স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা।”
অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড।
