২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভালে রোমাঞ্চকর ড্র

জয়ের লক্ষ্য ৪৪ ওভারে ২২৭ রান। ওভালে ওয়ানডে ম্যাচে রূপ নেয়া পঞ্চম ও শেষ টেস্ট শেষ হয়েছে নাটকীয়তায়। ইংল্যান্ড ৪০ ওভারে ৫ উইকেটে ২০৬ রান তোলার পর আলোর স্বল্পতায় আর খেলা হতে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 01:39 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

খেলা অমীমাংসিত থাকলেও ৩-০ ব্যবধানে এগিয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করা ইংল্যান্ড টানা তৃতীয় অ্যাশেজ জয়ের আনন্দে মেতে উঠেছে।

চতুর্থ দিন বৃষ্টির জন্য এক বলও হতে পারেনি। রোববার কিন্তু সকাল থেকে আকাশে ঝলমলে রোদ। ৪ উইকেটে ২৪৭ রান নিয়ে প্রথম ইনিংস শুরু করা ইংল্যান্ড অলআউট হওয়ার আগে ৩৭৭ রান করে।

১১৫ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়া চা-বিরতি পর্যন্ত ব্যাট করে ৬ উইকেটে ১১১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

শুরু থেকেই আক্রমণাত্মক ইংল্যান্ড লক্ষ্যের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল। কেভিন পিটারসেনের (৫৫ বলে ৬২) আক্রমণাত্মক এবং জোনাথন ট্রটের (৮৭ বলে ৫৯) প্রত্যয়ী ব্যাটিংয়ে জয়ের সুবাসও পাচ্ছিল তারা।

এই দুজনের বিদায়ের পর ইয়ান বেল (১৭ বলে ১৭) ও নবাগত ক্রিস ওকস (১৩ বলে অপরাজিত ১৭) চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বেল রান আউট হওয়ার পর আলোর স্বল্পতার কারণে আর খেলা হতে পারেনি। অথচ তখন জিততে হলে ২৪ বলে মাত্র ২১ রান করতে হতো ইংল্যান্ডকে, হাতে ছিল ৫ উইকেট।

দল আবার অ্যাশেজে বিধ্বস্ত হলেও একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। পাঁচ ম্যাচের সিরিজে ২৯ ডিসমিসালের রেকর্ড গড়েছেন তিনি।

২৮টি ডিসমিসাল নিয়ে আগের রেকর্ডটি ছিল আরেক অস্ট্রেলীয় রডনি মার্শের, ১৯৮২-৮৩ মৌসুমে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাশেজে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৯২/৯ ডিক্লে. (ওয়াটসন ১৭৬, স্মিথ ১৩৮*; অ্যান্ডারসন ৪/৯৫) ও ১১১/৬ ডিক্লে. (ওয়ার্নার ১২, ওয়াটসন ২৬, ফকনার ২২, হ্যাডিন ০, ক্লার্ক ২৮*, স্মিথ ৭, হ্যারিস ১, স্টার্ক ১৩*; ব্রড ৪/৪৩, অ্যান্ডারসন ১/২৭, সোয়ান ১/৩৯)

ইংল্যান্ড: ৩৭৭ (কুক ২৫, রুট ৬৮, ট্রট ৪০, পিটারসেন ৫০, বেল ৪৫, ওকস ২৫, প্রায়র ৪৭, ব্রড ৯, সোয়ান ৩৪, অ্যান্ডারসন ৪, কেরিগান ১*; ফকনার ৪/৫১, স্টার্ক ৩/৯২, হ্যারিস ২/৬৪, লিয়ন ১/৫৯) ও ২০৬/৫ (কুক ৩৪, রুট ১১, ট্রট ৫৯, পিটারসেন ৬২, বেল ১৭, ওকস ১৭*; হ্যারিস ২/২১, ফকনার ২/৪৭)