২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন ওয়াসিম আকরাম

অস্ট্রেলিয়ান বান্ধবী শানিয়েরা টমসনকে বিয়ে করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসারের স্ত্রী সাবেক জনসংযোগ উপদেষ্টা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোকে আকরাম বলেন, “গত সপ্তাহে লাহোরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমি শানিয়েরাকে বিয়ে করেছি। আমার, আমার স্ত্রী এবং আমার সন্তানদের নতুন জীবন শুরু হয়েছে।”

২০০৯ সালে ৪৭ বছর বয়সে আকরামের প্রথম স্ত্রী হুমা মারা যান। পাকিস্তানের সাবেক অধিনায়কের ১৫ ও ১২ বছর বয়সী দুটি ছেলে আছে।

গত মাসে হাঁটু গেড়ে মেলবোর্নের বাসিন্দা শানিয়েরাকে বিয়ের প্রস্তাব দেন আকরাম। বিয়ে হয় ১২ অগাস্ট।

এ মাসের শুরুতে লাহোরে আকরামের অসুস্থ বাবাকে দেখতে যান শানিয়েরা। সেখানেই দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হয়।

আকরাম জানিয়েছেন, “শানিয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের ভাষা (উর্দু) শিখছে। তার সঙ্গে আমার ছেলেদের খুবই আন্তরিক সম্পর্ক।”

“আশা করি পাকিস্তানের মানুষ ও আমার বন্ধুরা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার ভক্তরা আমাদের আশীর্বাদ ও সমর্থন জানাবে।”