চ্যাম্পিয়ন্স ট্রফি আবার চালুর আহ্বান
চ্যাম্পিয়ন্স ট্রফি আবার চালু করার আহ্বান জানিয়েছেন ভারত ও ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক রাহুল দ্রাবিড় ও নাসের হুসাইন।
আইসিসি প্রতিটি ফরম্যাটে কেবল একটি করে চ্যাম্পিয়নশিপ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই গত জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসর দেখে ফেলেছে ক্রিকেট ভক্তরা।
ইএসপিএনক্রিকইনফো ওয়েবসাইটের ২০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনে আধুনিক যুগে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত শীর্ষক একটি প্যানেল আলোচনার আযোজন করা হয়। এতে দ্রাবিড় বলেন, এখন অনেক বেশি পাঁচ বা সাত ম্যাচের ওয়ানডে সিরিজ হচ্ছে। এসব মূল্যহীন ওয়ানডে না খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আবার চালু করা উচিত।
দ্রবিড় চান, ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে সঙ্গতি রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হোক। আর টি-টোয়েন্টি ক্রিকেট কেবল ফ্যাঞ্চাইজি পর্যায়ে খেলা হোক।
"আমি কেবল ৫০ ওভারের বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে একদিনের ক্রিকেট খেলতে চাই। আর বড় প্রতিযোগিতা ছাড়া টি-টোয়ন্টি ক্রিকেট কেবল ফ্যাঞ্চাইজি পর্যায়েই আয়োজন করা উচিত।"
ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান নাসের হুসেইনতো চ্যাম্পিয়ন্স ট্রফিকেই বিশ্বকাপ হিসেবে দেখতে চান। তার মতে বর্তমান বিশ্বকাপে বেশি দল খেলায় প্রতিদ্বন্দ্বিতার অভাব দেখা দিচ্ছে।
তিনি মনে করেন, সেরা আটটি দলেরই কেবল বিশ্বকাপে খেলার অধিকার আছে।
আর আরো বেশি টেস্ট খেলা নিশ্চিত করতে দ্বিপক্ষীয় সীমিত ওভারের সিরিজগুলো একেবারে কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন দ্রাবিড় ও হুসাইন।
