২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসের ‘মিশন বিশ্বকাপ’

বর্ণাঢ্য ক্রিকেট-জীবনে অনেক কিছু পেলেও বিশ্বকাপ আজো তার অধরা। বিশ্বকাপ জয়ের শেষ চেষ্টা করতে ওয়ানডে ক্রিকেটে ফিরতে চান দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Aug 2013, 10:24 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

আগামী অক্টোবরে ৩৮ বছর পূর্ণ হবে প্রায় দেড় বছর ধরে ওয়ানডে ক্রিকেটের বাইরে থাকা ক্যালিসের। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

টেস্ট ও আইপিএলে আরো বেশি মনযোগ দেয়ার জন্য ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

কিন্তু বিশ্বকাপ জয়ের ইচ্ছাপূরণের জন্য তিনি এখন ওয়ানডেতে ফিরতে চাচ্ছেন।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সময় ক্যালিসের বয়স হবে চল্লিশের কাছাকাছি। বয়সটা যে ইচ্ছাপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, তা মানতে অবশ্য দ্বিধা নেই তার। এ সব নিয়ে আলোচনা করতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গো ও ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন ক্যালিস। আলোচনা শেষে এক বিবৃতিতে তিনি জানান, “দেশের হয়ে খেলা সব সময়ই আমার জন্য বিশাল সম্মান ও অনুপ্রেরণার। ২০১৫ বিশ্বকাপের দলে থাকার প্রবল আকাঙ্ক্ষা আমার। তবে একই সঙ্গে জানি যে, যেহেতু একজন অলরাউন্ডার হিসেবে ৩৮ বছর পূর্ণ করতে যাচ্ছি, তাই মৌসুম ধরে-ধরে আমাকে নিজের ভবিষ্যত নির্ধারণ করতে হবে।” “আমি এখন মানসিক ও শারীরিকভাবে তরতাজা বোধ করছি। তাই যত দিন সম্ভব দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই।”