ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে কারবেরি
টেস্ট অভিষেকের প্রায় সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি অভিষেক হতে পারে ইংল্যান্ডের মাইকেল কারবেরির।
সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে রাখা হয়েছে ৩২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানকে।
২০১০ সালের মার্চে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কারবেরির। এখনো পর্যন্ত সেটাই তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। ঐ টেস্টে দুই ইনিংস মিলে ৬৪ রান করেছিলেন তিনি।
বিশ্রাম দেয়ার জন্য টি-টোয়েন্টি দলে রাখা হয়নি ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে। অ্যাশেজে খেলা মাত্র দুই জন আছেন এই দলে; টি-টোয়েন্টি দলের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ও পেসার স্টিভেন ফিন।
আগামী ২৯ ও ৩১ অগাস্ট সাউথ্যাম্পটন ও চেস্টার লি স্ট্রিটে হবে ম্যাচ দুটি।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), রবি বোপারা, ড্যানি ব্রিগস, জস বাটলার, মাইকেল কারবেরি, জেড ডার্নবাখ, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, মাইকেল লাম্ব, ওয়েন মর্গান, বয়েড র্যাঙ্কিন, জেমস ট্রেডওয়েল ও লুক রাইট।
