ফতুল্লা স্টেডিয়ামে আইসিসি পরিদর্শক দল
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দল সন্তোষ প্রকাশ করেছে।
সোমবার দুপুরে উইকেট, মাঠ, প্রেসবক্স, গ্যালারি, ড্রেসিংরুম, আউটার স্টেডিয়াম ও ফ্লাডলাইটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখে সন্তুষ্টির কথা জানান পরিদর্শক দলের প্রধান আইসিসির ইভেন্ট ব্যবস্থাপক ক্রিস টেটলি।
পরিদর্শক দলে ছিলেন আইসিসি টুর্নামেন্ট পরিচালক ধীরাজ মালহোত্রা, আইসিসি উপদেষ্টা ভ্যান ভুরেন ইউজেন এবং আইসিসি পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিন্স। তাদের সঙ্গী ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
পরিদর্শন শেষে বিসিবি সভাপতি বলেন, “শুরুতে এই স্টেডিয়ামকে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হলেও আমরা বিশ্বকাপের মূল ভেন্যু হিসেবেই উপস্থাপন করেছি। পরিদর্শক দল কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে।”
