ইংল্যান্ড থেকে ‘সন্তুষ্টি’ নিয়ে ফেরা
ইংল্যান্ড সফরে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবু দলের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিয়ে সোমবার দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল।
দুই দলের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। কিন্তু পরের চার ম্যাচেই হেরে যাওয়ায় ফাইনালে ওঠা হয়নি।
তবু হতাশ নন মিরাজ। সোমবার মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, “দল হয়তো ভালো ফলাফল করতে পারেনি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সবাই অনেক কিছু শিখেছি। অনেকের এটাই প্রথম ইংল্যান্ড সফর। তাদের সেখানকার কন্ডিশন সম্পর্কে কোনো ধারণাই ছিল না।”
“তবে আমি হতাশ নই। আমরা মাত্র শুরু করেছি। সবার কিছুটা হলেও ইংল্যান্ডের কন্ডিশন সম্পর্কে ধারণা হয়েছে। ভবিষ্যত সফরগুলোতে এই অভিজ্ঞতা কাজে লাগবে।”
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আরো বলেন, “ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, সেখানে কীভাবে খেলতে হয় তা আমরা শিখেছি। শুরুতে কীভাবে ব্যাট করতে হয়, ইনিংস দাঁড় করাতে হয়, বল করতে হয় তা-ও বুঝতে পেরেছি। তেমন সাফল্য না পেলেও এগুলো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।”
মিরাজ অবশ্য টপ অর্ডার ব্যাটসম্যান ও পেসারদের ওপরে কিছুটা ক্ষুব্ধ। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের টপ অর্ডার খুব একটা ভালো করতে পারেনি। প্রথম দিকে উইকেট কম হারালে এবং আরেকটু বেশি রান করতে পারলে আমরা বড় সংগ্রহ দাঁড় করাতে পারতাম।”
“ইংল্যান্ডের উইকেটে স্পিনাররা তেমন সহায়তা পায় না। পেসাররা শুরুতে উইকেট তুলে নিতে পারলে স্পিনাররা সেই সুবিধা কাজে লাগাতে পারতো। কিন্তু তিন বাঁহাতি পেসারেরই চোট থাকায় আমরা সেই সুবিধা নিতে পারিনি। ওরা সব ম্যাচ খেলতেও পারেনি।”
আগামী অক্টোবরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলে বাঁহাতি পেসার বেশি থাকায় ওদের বিপক্ষে প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি পেসারদের সহায়তা নেয়ার কথা ভেবেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তাদের চোটের কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হতে পারে জাতীয় দলের অধিনায়ককে।
