২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের ক্যাম্প শুরু হচ্ছে রোববার

বারোজন ক্রিকেটারকে নিয়ে জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনসেনের অধীনে রোববার থেকে আবার শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

গত এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ে সফরের পর থেকে খেলার বাইরে জাতীয় দলের ক্রিকেটাররা। অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে ক্যাম্প করেই প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশকে।

জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক থাকছেন ক্যাম্পে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখা দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজাও রয়েছেন ক্যাম্পে। চোট কাটিয়ে মাঠের ফেরার লড়াইয়ে থাকা আরেক পেসার নাজমুল হোসেন তার সঙ্গী।

ক্যাম্পে থাকছেন পেসার শফিউল ইসলাম, উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস, বাঁহাঁতি স্পিনার এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, সাজেদুল ইসলাম, মুক্তার আলী ও নাসির হোসেন।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফর করছেন জাতীয় দলের কয়েকজন সদস্য। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দেশে ফিরলে তারাও যোগ দেবেন ক্যাম্পে।