৬৫ হাজার ডলারে ব্র্যাডম্যানের ব্যাট
অস্ট্রেলীয়-কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের স্বাক্ষর করা একটি ব্যাট নিলামে ৬৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার ‘দ্য ইনভিন্সিবলস’ বা অপরাজেয় নামে পরিচিত দলের হয়ে খেলার সময় ব্যাটটি ব্যবহার করেছিলেন তিনি। ঘরের মাঠে জীবনের শেষ প্রথম শ্রেণীর ইনিংসে এই ব্যাট দিয়েই ১১৫ রান করেছিলেন ক্রিকেট-ইতিহাসের সেরা ব্যাটসম্যান।
ব্র্যাডম্যান ছাড়াও এই ব্যাটে তার তিন বিখ্যাত সতীর্থ লিন্ডসে হ্যাসেট, রে লিন্ডওয়াল ও কিথ মিলারের স্বাক্ষর আছে।
ব্যাটটা নিলামে তোলে ‘লেস্কি অকশন্স’। প্রতিষ্ঠানটির মালিক চার্লস লেস্কি ২০ হাজার অস্ট্রেলীয় ডলার পাওয়ার আশা করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার মেলবোর্নে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে ব্যাটটা।
দীর্ঘ ২০ বছর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনে (ওয়াকা) ব্যাটটা ছিল।
১৯৪৮ সালে ব্র্যাডম্যানের নেতৃত্বে ইংল্যান্ড সফরে একটি ম্যাচও হারেনি অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের অ্যাশেজ তারা জিতেছিল ৪-০ ব্যবধানে। এরপরই ক্রিকেটকে বিদায় জানান টেস্টে অবিশ্বাস্য ৯৯.৯৪ গড়ের অধিকারী ব্র্যাডম্যান।
