২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার শতকের পরও ‘এ’ দলের হার

ইংল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের ব্যর্থতা অব্যাহত। জিয়াউর রহমান দুর্দান্ত শতক করলেও নটিংহ্যামশায়ারের কাছে ৪ উইকেটে হেরে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 11:58 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯২ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল।

১৮ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া ‘এ’ দল মমিনুল হক (৪৭) ও শামসুর রহমানের (৫২) ৮৪ রানের জুটির সুবাদে ঘুরে দাঁড়ায়। কিন্তু দলীয় ১০২ রানে শামসুরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৮ রানে ৭ উইকেটে পরিণত হয় বাংলাদেশের দ্বিতীয়-সেরা দল।

সেখান থেকে দলকে তিন শ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব সফরে প্রথমবারের মতো খেলতে নামা জিয়ার। তার মাত্র ৬৯ বলে অপরাজিত ১০৪ রানের আক্রমণাত্মক ইনিংসটা গড়ে উঠেছে ৭টি করে চার ও ছক্কায়।

এই ইনিংস খেলার পথে ইলিয়াস সানিকে (৩৭*) নিয়ে অষ্টম উইকেটে ১১২ বলে ১৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জিয়া।

জবাবে ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেললেও অধিনায়ক পল ফ্র্যাঙ্কসের (৫৯ বলে ৭৫) সঙ্গে অ্যাডাম টিলককের ১১৭ বলে ১৭০ রানের জুটি শেষ পর্যন্ত সহজ জয় এনে দেয় নটিংহ্যামশায়ারকে। মাত্র ৭০ বলে ৯৭ রানে অপরাজিত টিলককের ম্যাচ জেতানো ইনিংসে ১১টি চার ও তিনটি ছক্কা।

‘এ’ দলের পক্ষে নাঈম ইসলাম ৪২ রানে ২ উইকেট নেন।

শুক্রবার ওরস্টারশায়ারের বিপক্ষে পঞ্চম ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ‘এ’ দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৯২/৭ (জহুরুল ৩, শামসুর ৫২, রকিবুল ১, মমিনুল ৪৭, নাঈম ১৩, মার্শাল ২২, জিয়া ১০৪*, রেজা ০, সানি ৩৭*; ফ্র্যাঙ্কস ৩/৫৬, বাকন ২/৬২, উড ১/৩৭, হাটন ১/৬৮)

নটিংহ্যামশায়ার: ৪৮.৫ ওভারে ২৯৩/৬ (ক্লেসাল ৯, ক্রস ৪৭, মুলানি ৯, রোই ১০, উড ৩২, টিলকক ৯৭*, ফ্র্যাঙ্কস ৭৫, হাটন ৪*; নাঈম ২/৪২, আল আমিন ১/৩৭, রেজা ১/৬৬)