২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ বছর পর আইসিসি ট্রফির ‘রেপ্লিকা’

১৯৯৭ সালে মালয়শিয়ার কুয়ালা লামপুরে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র এবং তার পর টেস্ট মর্যাদা পাওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তখন মূল ট্রফি নিয়ে আসা হয়নি। এত দিন পর শিরোপার ‘রেপ্লিকা’ হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 09:35 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর হাতে ‘রেপ্লিকা’টি তুলে দিয়েছেন।

মূল ট্রফিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয়ে আছে।

গত মার্চে আইসিসি ট্রফি হারিয়ে যাওয়া নিয়ে কয়েকটি গণমাধ্যমে জল্পনা শুরু হলে বিসিবি জানায়, শিরোপা জয়ের পর মূল ট্রফি বা ‘রেপ্লিকা’ কোনোটাই দেশে নিয়ে আসা হয়নি।

এরপরই অনন্য অর্জনের স্মারকটি দেশে নিয়ে আসার উদ্যোগ নেয় বিসিবি। বোর্ডের উদোগেই দুবাইয়ে মূল ট্রফি দেখে প্রতিলিপি তৈরি করানো হয়। ঢাকায় আসার সময় প্রতিলিপিটি সঙ্গে করে নিয়ে আসেন রিচার্ডসন।