আফ্রিদির চোখে লারাই সেরা
কে সেরা, ব্রায়ান লারা নাকি শচীন টেন্ডুলকার? দুই দশক ধরে প্রশ্নটা তোলপাড় তুলে চলেছে ক্রিকেটপ্রেমীদের মনে। এমনকি লারার অবসরের ছয় বছর পরও এর উত্তর নিয়ে নানা মুনির নানা মত। এক্ষেত্রে শহীদ আফ্রিদির পক্ষপাত লারার দিকে।
ভারতের ‘মেইল টুডে’ পত্রিকার সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের অলরাউন্ডার বলেন, “১৬ বছরের ক্রিকেট-জীবনে লারাই আমার দেখা সেরা ব্যাটসম্যান। ব্যক্তিগতভাবে আমি তাকে আমাদের সময়ের অন্য দুই অসাধারণ ব্যাটসম্যান টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের ওপরে রাখবো।”
ক্যারিবীয়-কিংবদন্তিকে বল করার অভিজ্ঞতার স্মৃতিচারণ করে আফ্রিদি আরো বলেন, “সব ধরণের ক্রিকেটে আমার বল করা সবচেয়ে কঠিন ব্যাটসম্যান ছিলেন তিনি। তিনি নিজের ইচ্ছা মতো খেলতে পারতেন, চার-ছয় মারতে পারতেন। বিশেষ করে স্পিনারদের বল তিনি যখন-তখন মাঠের বাইরে পাঠাতেন। আমি তার ব্যাটিং দারুণ উপভোগ করতাম।”
স্পিনারদের লারা কতটা ভালো খেলতেন তার বর্ণনা দিতে গিয়ে আফ্রিদি বলেন, “তিনি এত ভালো স্পিন খেলতেন যে কখনো-কখনো আমার মনে হতো, এমনকি চোখ বেঁধে দিলেও তার পক্ষে স্পিনারদের খেলা সম্ভব। টেন্ডুলকার আর পন্টিংও দুর্দান্ত ব্যাটসম্যান। কিন্তু আমি মনে করি লারা তাদের চেয়ে ওপরে।”
