ফিক্সিং ফৌজদারী অপরাধ: দ্রাবিড়
ম্যাচ পাতানোকে ফৌজদারী অপরাধ হিসেবে বিবেচনা করার কথা বলেছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে আইপিএল এর দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক দ্রাবিড় বলেন, ক্রিকেট থেকে দুর্নীতিকে উপড়ে ফেলতে খেলোয়াড়দের শুধু এর খারাপ দিক সম্পর্কে শিক্ষায় শিক্ষিত করলেই হবে না। সে লক্ষ্যে অপরাধীদের শাস্তির আওতায় আনাটাও জরুরি।
“মানুষের মনে ভয় ঢোকানোর একটাই পথ, তা হলো ক্রিকেটের দুর্নীতির বিরুদ্ধে কর্তৃপক্ষের ধারাবাহিক কঠোর অবস্থান। ম্যাচ পাতানোকে ফৌজদারী অপরাধ বলে বিবেচনা করতেই হবে”, যোগ করেন ১৬৪ টেস্টে ১৩ হাজারেরও বেশি রানের মালিক দ্রাবিড়।
রাজস্থান রয়্যালসের শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্দিলা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। এদের মধ্যে শীশান্ত ও চাভান বর্তমানে জামিনে রয়েছেন। অভিযুক্ত এই তিন সতীর্থের বিরুদ্ধে করা মামলায় সাক্ষী দেবেন দ্রাবিড়ও।
দ্রাবিড় বলেন, “এসব বিষয়কে সঠিক আইনের আওতায় আনতে হবে। মানুষকে বোঝাতে হবে যে কখনো যদি তারা এসব কাজে যুক্ত হয় তাহলে তারা শাস্তি পাবে।”
সাইক্লিংয়ে ডোপ কেলেঙ্কারির জন্য দেয়া শাস্তি উল্লেখ করে দ্রাবিড় বলেন, এটা থেকে শিক্ষাও নিতে পারেন ক্রিকেটাররা।
