২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি একজন ক্রিকেটার, সন্ত্রাসী নই’

আইপিএলে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার অজিত চান্দিলা নিজেকে নির্দোষ দাবি করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 09:21 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সম্প্রতি দিল্লি পুলিশ দলটির তিন ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও চান্দিলাসহ ৩৯ জনের নামে অভিযোগপত্র দায়ের করে। প্রত্যেকের বিরুদ্ধে মহারাষ্ট্র অপরাধ নিয়ন্ত্রন আইনে অভিযোগ দায়ের করা হয়।

এতে বিস্ময় প্রকাশ করে চান্দিলা বলেন, “আমার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠায় আমি এবং আমার পরিবার মর্মাহত। আমি একজন ক্রিকেটার, সন্ত্রাসী নই।”

“স্পট ফিক্সিং বিতর্কের সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। (ম্যাচ পাতানোর জন্য) কেউ কখনোই আমাকে কোনো প্রস্তাব দেয়নি। আমি এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ।”

বড় ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে তিন দিনের জামিন পাওয়া চান্দিলা আরো বলেন, “আমি গ্রেপ্তার হওয়ার পর দিনই আমার বড় ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর থেকে আমার জীবনে অনেক কিছু ঘটেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারো জীবনে যেন এমন ঘটনা না ঘটে।” গত ১৬ মে স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্ত-চান্দিলা-চাভানসহ বেশ কয়েকজন বাজিকর গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়। এরপর চেন্নাই সুপার কিংস ও রাজস্থান র‌য়্যালসের কয়েক জন শীর্ষস্থানীয় কর্মকর্তাও গ্রেপ্তার হন। গ্রেপ্তারের কয়েক দিন পর শ্রীশান্ত ও চাভান জামিন পেলেও চান্দিলা কারাগারে ছিলেন। তবে অভিযোগপত্র গঠনের পর শ্রীশান্ত ও চাভান এবং ১৯ জন বাজিকরের জামিন বাতিলের আবেদন করেছে দিল্লি পুলিশ।