২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ভারতবধের স্বপ্ন দেখছেন ওয়াসিম

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কখনোই জিততে পারেনি পাকিস্তান। তবে আগামী বিশ্বকাপেই ঐ দল জয় ছিনিয়ে আনবে বলে বিশ্বাস দলটির সাবেক পেসার ওয়াসিম আকরামের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 04:43 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

২০১৫ সালের ফেব্রয়ারি-মার্চে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ, যাতে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

এ পর্যন্ত সর্বমোট ১২৫ বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের ৭১ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫০ ম্যাচে। বাকি চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কিন্তু বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচবারের লড়াইয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে পাকিস্তানের তুলনায় ভারত যে অনেক এগিয়ে গেছে তা স্বীকার করলেন ১৯৯২ সালে দেশের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ওয়াসিম আকরাম।

এ প্রসঙ্গে পাকপ্যাশন ডটনেটকে ১০৪ টেস্টে ৪১৪ ও ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেটের মালিক আকরাম বলেন, ক্রিকেটের সব পর্যায়ে পুরো বিশ্বব্যাপী ভারত অনেক টুর্নামেন্টের আয়োজন করছে। তিনি আরো বলেন, ভারতের বিপক্ষে নিজেদের মাঠে কিংবা ভারতের মাঠে সবাই খেলতে চায়।

আইপিএলের বদৌলতে ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের অনেক উন্নতি হয়েছে বলেও মনে করেন অনেকের মতেই বিশ্বের সর্বসেরা বাঁহাতি এই পেসার।