২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিদেশি বিমার কথা ভাবছে বিসিবি

জাতীয় ক্রিকেটারদের জন্য বুপা বা অ্যালিয়েন্সের মতো আন্তর্জাতিক স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

কোনো ক্রিকেটার বড় ধরণের চোটে না পরায় প্রিমিয়াম অনুযায়ী বিমার অর্থ তেমন বেশি না হওয়ায় প্রায় দুই বছর আগে বুপার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি।

তবে বছর খানেক ধরে বেশ কয়েকজন ক্রিকেটার বড় ধরণের চোটে পড়ছেন। তাই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো ব্যয়বহুল দেশে তাদের চিকিৎসার জন্য বিসিবিকে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে। এটাই আবার বিমার কথা ভাবাতে বাধ্য করছে বিসিবিকে।

এ প্রসঙ্গে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, “গত এক-দেড় বছরে বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়েছেন। তাই অ্যালিয়েন্স বা বুপার মতো আন্তর্জাতিক স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা ভাবছি আমরা।”

“বুপার সঙ্গে চুক্তি নবায়ন না হলেও স্থানীয় বিমা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা চুক্তি করেছি। এখন প্রগতি ইনস্যুরেন্সে ক্রিকেটারদের বিমা করা আছে।”

২০০৭ সালে বাঁহাতি স্পিনার মানজারুল ইসলাম রানার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকেই ক্রিকেটারদের ভবিষ্যত সম্পর্কে আন্তরিক বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “মানজারুল ইসলাম রানা মারা যাওয়ার পর থেকে ক্রিকেটারদের জীবন বিমা করাচ্ছে বিসিবি। দুর্ঘটনাজনিত মৃত্যু হলে জাতীয় দলের ক্রিকেটার এক কোটি ও চুক্তিবদ্ধ ক্রিকেটার ৫০ লাখ টাকা পাবেন।”