সমঝোতায় আর্থার ও ক্রিকেট অস্ট্রেলিয়া
বরখাস্ত কোচ মিকি আর্থারের সঙ্গে সমঝোতায় পৌছেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বুধবার এক যৌথ বিবৃতিতে দুই পক্ষ তাদের ঐ সমঝোতার কথা জানায়।
অস্ট্রেলিয়া দলের ক্রমাগত ব্যর্থতা এবং দলের মধ্যে একের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনার জের ধরে অ্যাশেজ শুরু হওয়ার মাত্র ১৬ দিন আগে আর্থারকে বরখাস্ত করে সিএ। যদিও তার চুক্তির মেয়াদ ছিল ২০১৫ সাল পর্যন্ত।
নির্দিষ্ট সময়ের আগে চুক্তি ভঙ্গ করে বিদায় করে দেয়ায় সিএ’র কাছে ৩৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেন আর্থার। প্রয়োজনে মামলা করারও হুমকি দেন। পরে আদালতের বাইরে দু'পক্ষের আলোচনা শুরু হয়।
তবে কী পরিমাণ অর্থের বিনিময়ে সমঝোতা হয়েছে তা গোপন রাখা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনের স্বার্থরক্ষায় সমঝোতায় ভিত্তিতে এর সমাধান টানতে দু’পক্ষই রাজি হয়েছে।”
