২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ হারের শঙ্কায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া এখন এক লজ্জাজনক ‘রেকর্ড’-এর সামনে দাঁড়িয়ে। বৃহস্পতিবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া অ্যাশেজের তৃতীয় টেস্টে হারলে ইংল্যান্ডের কাছে সিরিজ তো হারাবেই, টানা সপ্তম হারের লজ্জাতেও পড়বে তারা। টেস্ট ক্রিকেটে কখনোই টানা ৭ ম্যাচে হারেনি স্যার ডন ব্র্যাডম্যানের দেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 10:06 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

এ বছরের শুরুতে ভারত সফরে চার টেস্টের সিরিজের সব ম্যাচে হেরে যাওয়ার পর ট্রেন্ট ব্রিজ ও লর্ডসে অ্যাশেজের প্রথম দুই টেস্টেও হার মেনেছে অস্ট্রেলিয়া।

এর আগে টেস্ট ক্রিকেটে তারা একবারই টানা ৬ ম্যাচ হেরেছিল, ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পর-পর দুই সিরিজে। পদত্যাগ করেছিলেন অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক কিম হিউজ।

তোপের মুখে থাকা বর্তমান অধিনায়ক মাইকেল ক্লার্ক ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। এমনকি শেষ তিন টেস্ট জিতে অ্যাশেজ জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী।

ক্লার্ক বলেন, “আমাদের আরো ভালো খেলতেই হবে। লর্ডস টেস্ট শেষে বলেছিলাম, আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। এখনো একই কথা বলছি। শেষ তিন টেস্ট জিতে সিরিজ জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”

দলের পাশাপাশি এবারের অ্যাশেজে ক্লার্ক ব্যাট হাতেও ব্যর্থ। দুই টেস্টের চার ইনিংসে মাত্র ১০২ রান এসেছে তার ব্যাট থেকে।

এই ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেন, “আমি অন্য সব খেলোয়াড়দের মতোই। প্রত্যাশা অনুযায়ী রান করতে না পারলে সবার মতো আমিও হতাশায় ভুগি।”

“আমি দলকে সাফল্য পেতে সাহায্য করতে চাই। আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে রান করেই সামনে থেকে দলকে নেতৃত্ব দেবো।”

শঙ্কিত, দুর্ভাবনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার ঠিক বিপরীত অবস্থা ইংল্যান্ডের। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে স্বাগতিক দল দারুণ নির্ভার। অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের পায়ের পেশির চোট নিয়েও তাদের আর কোনো দুশ্চিন্তা নেই।

অ্যালিস্টার কুক তৃতীয় টেস্টে পিটারসেনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। বুধবার এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, “পিটারসেনের অবস্থা বেশ ভালো। গত দুদিন সে অনুশীলন করেছে। আমাদের প্রত্যাশা মতো সব কিছুই সে করেছে।