২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু সাকিবের দলের

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আল হাসান। তারপরও ক্যারিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্বোধনী ম্যাচে তামিম ইকবালের সেন্ট লুসিয়া জুকসকে সহজেই ১৭ রানে হারিয়েছে তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করে বার্বাডোজ।

অষ্টম ওভারে ৪৮ রানে ৪ উইকেট হারানোর পরও স্বাগতিকদের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব শোয়েব মালিক (৫১ বলে ৭৮) ও অধিনায়ক কাইরন পোলার্ডের (৪৬ বলে অপরাজিত ৬১)।

সাকিবের ব্যাটে রান খরা অব্যাহত। ইংল্যান্ডে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খুব একটা ভালো করতে পারেন নি। ওয়েস্ট ইন্ডিজেও শুরুটা ভলো হয়নি। ৫ বলে ৫ রান করে ড্যারেন স্যামির বল লেট কাট করতে গিয়ে উইকেটরক্ষক আন্দ্রে ফ্লেচারের হাতে ধরা পড়েন তিনি

জবাবে ১৯ ওভার ৪ বলে ১৫২ রানে অলআউট হয়ে যায় সেন্ট লুসিয়া।

তামিমের সঙ্গে ফ্লেচারের ৫৭ রানের উদ্বোধনী জুটি সেন্ট লুসিয়াকে উড়ন্ত সূচনা এনে দেয়। অফস্পিনার অ্যাশলি নর্সের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে তামিম (১৪ বলে ২২) বিদায় নিলে ভাঙ্গে ৫ ওভার ১ বল স্থায়ী জুটি।

অন্য প্রান্ত থেকে সহায়তা না পেলেও দলকে ২ উইকেটে ৯৫ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন ফ্লেচার (৪১ বলে ৫৭)। অধিনায়ক স্যামি (১৬ বলে ৩৪) ছাড়া পরের আর কোনো ব্যাটসম্যান রান না পাওয়ায় হার এড়াতে পারেনি অতিথিরা।

বল হাতেও সাফল্য পাননি সাকিব। দুই ওভারে ২৯ রান দিয়েও কোনো উইকেটশূন্য তিনি।

১৫ রানে ৩ উইকেট নিয়ে বার্বাডোজের সেরা বোলার পোলার্ড।