২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিক্সিংয়ের অভিযোগ: আইসিসির দিকে চেয়ে পিসিবি

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে তদন্ত করতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজাম সেঠি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজে দু'টি ম্যাচে ফিক্সিং হয়েছে বলে বৃটিশ পত্রিকা মেইল অন সানডের এক প্রতিবেদনে বলা হয়।

এর প্রতিক্রিয়ায় পিসিবির ভারপ্রাপ্ত সভাপতি সেঠি বলেন, “এগুলো খুব বড় মাপের অভিযোগ। এ বিষয়ে আইসিসির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। অনুসন্ধানের জন্যও তাদের অনুরোধ করছি।”

ওয়েস্ট ইন্ডিজ সফরে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের এই সিরিজটি ৩-১ ব্যবধানে জেতে পাকিস্তান। সিরিজের তৃতীয় ম্যাচটি টাই হয়েছিল। আর ঐ ম্যাচটি ঘিরেই মূলত সন্দেহ দানা বেধেছে। ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে হারতে বসেছিল স্বাগতিকরা। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ২৪ রানের। কেমার রোচ ও জেসন হোল্ডারের শেষ জুটি ২৩ রান নিয়ে নাটকীয় ইতি টানেন।

মেইলের প্রতিবেদনে বলা হয়, সন্দেহ আছে পঞ্চম বা শেষ ম্যাচ নিয়েও। এক বল হাতে রেখে চার উইকেটে ম্যাচটি জিতেছিল অতিথিরা।

তবে প্রতিবেদনের 'সত্যতা' নিয়ে সন্দেহ প্রকাশ করলেও অপরাধ প্রমাণিত হলে যে কাউকে ছাড় দেয়া হবে না তা জানিয়েছে পিসিবি।

সেঠি বলেন “এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। তবে ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত টিম ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে ঐ পত্রিকা (মেইল) থেকে তাকে ফোন করে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।”

“ম্যানেজারও এও বলেন, আইসিসি’র আকসু (দুর্নীতি প্রতিরোধ ও নিরাপত্তা ইউনিট) দল ঐ সময় ক্যারিবিয়ানে ছিল। এর মধ্যে কতটুকু সত্যতা আছে তা সময়ই বলবে। তবে এই মূহুর্তে তা মেইলের একটা গল্প ছাড়া কিছু নয়।”

আগেরদিন পিসিবির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতেও নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটি।

বিবৃতিতে পিসিবি জানায়, “ক্রিকেটে কোনোরকমের দুর্নীতি সহ্য করবে না পিসিবি। তবে এ ব্যাপারে তদন্তের দায়িত্ব আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা) দুর্নীতি প্রতিরোধ ও নিরাপত্তা ইউনিটের (আকসু)। পিসিবি এ বিষয়ে আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আশা করছে শিগগিরই আইসিসি একটি বিবৃতি দেবে।”