দিলশান-সাঙ্গাকারার ব্যাটে শ্রীলঙ্কার সিরিজ জয়
তিলকরত্নে দিলশানের অপরাজিত শতক ও কুমার সাঙ্গাকারার শতকের-সম্ভাবনা-জাগানো ইনিংসের ওপরে ভর করে চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া স্বাগতিকদের।
রোববার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৩৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
সিরিজে প্রথম বারের মতো খেলতে নামা হাশিম আমলার (৭৭) সঙ্গে জেপি ডুমিনির ১০১ রানের জুটি দক্ষিণ আফ্রিকানদের ৩ উইকেটে ১৭২ রানের শক্ত জায়গায় পৌঁছে দিয়েছিল। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় অতিথিদের সংগ্রহটা তেমন বড় হতে পারেনি।
লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে মাত্র তিন রানের জন্য শতক বঞ্চিত ডুমিনির (৯৭) ১২১ বলের ইনিংসে ৭টি চার ও দুটি ছক্কা।
৫১ রানে ৪ উইকেট নেন স্পিনার অজন্তা মেন্ডিস।
জবাবে সাঙ্গাকারার সঙ্গে দিলশানের ১৯৩ বল স্থায়ী ১৮৪ রানের চমৎকার জুটিতে শ্রীলঙ্কার সহজ জয় নিশ্চিত হয়ে যায়।
সাঙ্গাকারা ৯১ রান করে আউট হয়ে গেলেও দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন দিলশান। ১১৫ রানে অপরাজিত দিলশানের ১৩০ বলের ইনিংসে ১৬টি চার। এটা তার সপ্তদশ শতক।
সুবাদে দিলশান এখন ওয়ানডেতে শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ শতকের মালিক। ২৮টি শতক নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সনাথ জয়াসুরিয়া। সাঙ্গাকারা (১৬) তৃতীয় ও মাহেলা জয়াবর্ধনের (১৫) অবস্থান চতুর্থ।
ম্যাচ জেতানো ইনিংসের সঙ্গে ১০ ওভারে ৪০ রান দিয়ে আমলা ও এবি ডি ভিলিয়ার্সের দুটো মূল্যবান উইকেট নেয়া দিলশানের ম্যাচ সেরা হওয়ার লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না।
বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ওয়ানডে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৮.৪ ওভারে ২৩৮ (আমলা ৭৭, ডি কক ৮, ডুমিনি ৯৭, ডি ভিলিয়ার্স ৪, দু প্লেসি ২৩, মিলার ১, বেহারদিন ০, পিটারসন ১৩, ক্লাইনভেল্ট ৮, মরকেল ০, সোতসোবে ৩*; মেন্ডিস ৪/৫১, মালিঙ্গা ৩/৫২, দিলশান ২/৪০, হেরাথ ১/৩৮)
শ্রীলঙ্কা: ৪৪ ওভারে ২৩৯/২ (দিলশান ১১৫*, জয়াবর্ধনে ১২, সাঙ্গাকারা ৯১, থিরিমান্নে ১*; সোতসোবে ১/৪৮, মরকেল ১/৬২)
ম্যাচ সেরা: তিলকরত্নে দিলশান।
