২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে ডাক পেলেন ৩ ক্রিকেটার

পায়ের পেশির চোট আক্রান্ত ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে ঘিরে শঙ্কা থাকলেও অ্যাশেজের তৃতীয় টেস্টের জন্য তাকে রেখেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 05:19 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

চোট কাটিয়ে পিটারসেন এখনো পুরোপুরি সুস্থ না হলেও ম্যাচের আগেই তিনি প্রস্তুত হবেন বলে আশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের নির্বাচক জিওফ মিলার।

প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন ১১ টেস্টে ৪৯ উইকেটের মালিক পেসার ক্রিস ট্রেমলেট। গত বছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে সর্বশেষ দেশের হয়ে প্রতিনিধত্ব করেছিলেন তিনি।

এছাড়া প্রায় এক বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন মাত্র দুইটি টেস্ট খেলা ব্যাটসম্যান জেমস টেইলর। দলে ফিরেছেন স্পিনার মন্টে পানেসারও।

আর প্রথম টেস্টে খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন পেসার স্টিভেন ফিন। ঐ একই কারণে দ্বিতীয় টেস্টের দলে থাকলেও একাদশে জায়গা হারান তিনি। বাদ পড়েছেন পেসার গ্রাহাম অনিয়ন্সও। আগের দুই টেস্টের দলে থাকলেও খেলার সুযোগ পাননি কোনো ম্যাচেই।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আগামী বৃহস্পতিবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। ঐ ম্যাচ জিতলেই ২-০এ এগিয়ে থাকা স্বাগতিকদের সিরিজ জয় নিশ্চিত হবে।

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, জনি বেয়ারস্টো, ম্যাট প্রায়র, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট, মন্টে পানেসার ও জেমস টেইলর।