আকসু প্রতিবেদন ঈদের পর
ঈদের পরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ পাতানো নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান।
মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, “ওরা (আকসু) বলেছে ৫ অগাস্টের মধ্যে প্রতিবেদন শেষ হয়ে যাবে। ওরা ৭/৮ তারিখ আসতে চেয়েছিল। ৯ বা ১০ তারিখ ঈদ হতে পারে বলে আমি ওদের ১১ বা ১২ তারিখে আসতে বলেছি। আমি চাচ্ছি ঈদের পরপরই (আকসু তদন্ত প্রতিবেদন প্রকাশ) হোক।”
স্পট ফিক্সিংয়ে জড়িত হিসেবে মোহাম্মদ আশরাফুল ছাড়া জাতীয় দলের আর কোনো ক্রিকেটারের নাম এসেছে কি না জানতে চাইলে নাজমুল হাসান বলেন, “আশরাফুলের মতো নামকরা কোনো খেলোয়াড়ের নাম নেই। আরো দুয়েকটা নাম হয়তো থাকতে পারে। গণমাধ্যমে কয়েকটি নাম এসেছে তার বাইরে আমি এ পর্যন্ত কোনো নাম শুনিনি। আমিও গণমাধ্যম থেকেই শুনেছি। ওরা কিন্তু আমাকে কোনো নাম বলেনি।”
দোষী প্রমাণিত হলে কারোরই ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান নাজমুল হাসান।
“দুর্নীতিকে কোনো ছাড় দেবে না আইসিসি। বোর্ডের সদস্য হিসেবে আমাদেরও দুর্নীতিকে কোনো ছাড় দেয়ার সুযোগ কিংবা ইচ্ছা কোনোটাই নেই।”
“ঘটনাটি ঘরোয়া ক্রিকেটে ঘটেছে বলে শাস্তি দেয়ার পুরো এখতিয়ার কেবল আমাদের, বিষয়টি তেমন নয়। কোনো দেশের ঘরোয়া ক্রিকেটেও দুর্নীতি সহ্য করবে না আইসিসি। পাকিস্তান তাদের ক্রিকেটার শাস্তি শিথিল করার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি”, যোগ করেন তিনি।
আশরাফুলের ভাগ্য নিয়ে বোর্ড সভাপতি বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, আশরাফুল দোষ স্বীকার করে সহায়তা করায় একটু ছাড় হয়তো পেতে পারেন। কিন্তু যারা দোষ করেছেন কিন্তু প্রমাণ থাকার পরও স্বীকার করেন নি তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।”
