অবশেষে দক্ষিণ আফ্রিকার ‘শ্রীলঙ্কা’ জয়
দক্ষিণ আফ্রিকার দুই দশকের অপেক্ষার অবসান হলো শেষ পর্যন্ত। শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে ১৯ বছর ৩২৭ দিন পর হারিয়েছে দক্ষিণ আফ্রিকানরা। শুক্রবার তৃতীয় ওয়ানডেতে ৫৭ রানে জিতেছে অতিথিরা। হেরে গেলেও প্রথম দুটো ওয়ানডেতে জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দল।
শ্রীলঙ্কাকে তাদের মাটিতে এর আগে মাত্র একবারই হারাতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা, ১৯৯৩ সালে।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২২৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৩ ওভার ২ বলে ১৬৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে বাঁহাতি পেসার লোনওয়াবো সোতসোবের (৪/২২) মারাত্মক বোলিংয়ে ৯৩ রানে ৭ উইকেটে হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় শ্রীলঙ্কানরা।
তবে থিসারা পেরেরার দারুণ এক ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। ৪৯ বলে ৫টি করে চার ও ছক্কায় ৬৫ রান করে পেরেরা আউট হওয়ার সঙ্গে-সঙ্গেই অবশ্য ১৯৯৬ বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের আশাও শেষ হয়ে যায়।
দলকে জয় এনে দিতে না পারলেও রঙ্গনা হেরাথের সঙ্গে ৭২ রানের জুটি গড়া পেরেরা দারুণ এক কীর্তির জন্ম দিয়েছেন। বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ৩৫ রান নিয়েছেন তিনি। এর মধ্যে ছক্কা ছিল ৫টি, চার একটি, অন্য রানটি এসেছে ওয়াইড থেকে।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় ব্যয়বহুল ওভার। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের ড্যান ফন বাঞ্জের এক ওভারে ৬টি ছক্কা মেরে ৩৬ রান নিয়ে রেকর্ডটা দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসের।
এর আগে ১০০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকানদের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ডেভিড মিলারের। ষষ্ঠ উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (৪৭) সঙ্গে ৪৮ ও অষ্টম উইকেটে রায়ান ম্যাকলারেনের (১৪*) সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়েন তিনি।
ম্যাচ সেরা মিলারের ৭২ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংসে ৫টি ছক্কা ও ৪টি চার। তার আক্রমণাত্মক ব্যাটিং পেরেরা ও লাসিথ মালিঙ্গার করা শেষ দুই ওভার থেকে ৩৮ রান (১৯+১৯) এনে দেয় অতিথিদের।
৩৫ রানে ৩ উইকেট নেন সিরিজে প্রথম বারের মতো খেলতে নামা স্পিনার অজন্তা মেন্ডিস।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২২৩/৭ (আলভিরো ৮, ডি কক ২০, ডুমিনি ২৩, ডি ভিলিয়ার্স ৪৭, দু প্লেসি ১৬, বেহারদিন ২, মিলার ৮৫*, পিটারসন ৩, ম্যাকলারেন ১৪*; মেন্ডিস ৩/৩৫, পেরেরা ২/৫১, মালিঙ্গা ১/৫৭)
শ্রীলঙ্কা: ৪৩.২ ওভারে ১৬৭ (থারাঙ্গা ৫, দিলশান ৬, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ২৪, চান্দিমাল ২৯, ম্যাথিউস ১৪, অ্যাঞ্জেলো পেরেরা ১, থিসারা পেরেরা ৬৫, হেরাথ ১২*, মালিঙ্গা ০, মেন্ডিস ০; সোতসোবে ৪/২২, বেহারদিন ৩/১৯, ম্যাকলারেন ১/১৮, ডুমিনি ১/২৩, পিটারসন ১/৫১)
ম্যাচ সেরা: ডেভিড মিলার।
