২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধাওয়ানের শতকে জিতেছে ভারত

শুরুতে তেমন স্বাচ্ছন্দ্য ছিলেন না শিখর ধাওয়ান। তবে ‘জীবন’ পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানকে। তার শতকের ওপরে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে সহজেই ৫৮ রানে হারিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে অতিথিরা তাই ২-০ ব্যবধানে এগিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 12:04 AM

Updated : 25 Apr 2022, 07:02 PM

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯৪ রান করে ভারত। জবাবে ৯ উইকেটে ২৩৬ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

৬৫ রানে চার উইকেট হারিয়ে ফেলা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপদ আরো বেড়ে যেতে পারতো। কিন্তু ধাওয়ানের সহজ ক্যাচ ফেলে দেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ও অধিনায়ক ব্রেন্ডন টেইলর। এর আগে কট বিহাইন্ড হলেও ‘নো’ বলের কারণে বেঁচে যান ধাওয়ান। দুবারই হতভাগ্য বোলারের নাম কাইল জার্ভিস।

দীনেশ কার্তিকের (৬৯) সঙ্গে ধাওয়ানের মাত্র ১৫৪ বলে গড়ে ওঠা ১৬৭ রানের পঞ্চম উইকেট জুটিতে ভারতের সহজ জয়ের ভিত রচিত। দ্বিতীয় শতকের দেখা পাওয়া ধাওয়ানের ব্যাট থেকে আসে ১১৬ রান। ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়া ১২৭ বলের এই ইনিংসে ছিল ১১টি চার ও দুটি বিশাল ছক্কা।

শেষ দিকে বিনয় কুমারের ১২ বলে দুটি করে চার ও ছক্কায় করা অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস তিন শ’র কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে ভারতকে।

জবাবে ভুসিমুজি সিবান্দা (৫৫) ও হ্যামিল্টন মাসাকাদজার (৩৪) দৃঢ়তায় ২০ ওভারে ১ উইকেটে ১০৯ রানে পৌঁছে যাওয়া জিম্বাবুইয়ানরা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা।

সপ্তম উইকেটে এল্টন চিগুম্বুরা (৪৬) ও প্রসপার উৎসেইয়া (৫২*) ৮৮ রানের জুটি গড়লেও হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে স্বাগতিক দল।

৪১ রানে ৪ উইকেট নিয়ে বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট ভারতের সেরা বোলার।

রোববার একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডে হবে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৯৪/৮ (রোহিত ১, ধাওয়ান ১১৬, কোহলি ১৪, রাইডু ৫, রায়না ৪, কার্তিক ৬৯, জাদেজা ১৫, মিশ্র ৯, বিনয় ২৭*, সামি ৬*; ভিটোরি ২/২৭, উইলিয়ামস ১/৩৪, চাতারা ১/৪৬, উৎসেইয়া ১/৬৭, জার্ভিস ১/৭০)

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৩৬/৯ (সিবান্দা ৫৫, রাজা ২০, মাসাকাদজা ৩৪, টেইলর ০, উইলিয়ামস ৫, ওয়ালার ২, চিগুম্বুরা ৪৬, উৎসেইয়া ৫২*, জার্ভিস ২, ভিটোরি ০, চাতারা ০*; উনাদকাট ৪/৪১, মিশ্র ২/৪৬, জাদেজা ১/৩০, সামি ১/৫২)

ম্যাচ সেরা: শিখর ধাওয়ান।