২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি আর্থারের ক্ষোভ

অস্ট্রেলিয়ার সাবেক কোচ মিকি আর্থার জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত ছিল ‘অন্যায়’। তাই সিএ’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে তার কোনো উপায় ছিল না। সেই সঙ্গে আর্থারের দাবি, বরখাস্ত হওয়ায় তার ক্যারিয়ারের ক্ষতি হওয়ার পাশাপাশি সুনামও হানি হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jul 2013, 10:31 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

গত মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ব্যর্থ হওয়ায় অ্যাশেজ শুরু হওয়ার মাত্র ১৬ দিন আগে আর্থারকে বরখাস্ত করে সিএ। যদিও তার চুক্তির মেয়াদ ছিল ২০১৫ সাল পর্যন্ত। নির্দিষ্ট সময়ের আগে চুক্তি ভঙ্গ করে বিদায় করে দেয়ায় সিএ’র কাছে ৩৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। চাকরি হারানোর পর স্বদেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যান আর্থার। রোববার অস্ট্রেলিয়ায় ফিরে এক বিবৃতিতে তিনি জানান, “বরখাস্ত হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে আমি লিখিত কোনো কিছুই পাইনি। তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি, কোনো টাকা-পয়সাও দেয়নি। এমনকি আইনজীবির সহায়তা না নেয়া পর্যন্ত ছুটিতে থাকার সময়ের অর্থও আমাকে দেয়া হয়নি।” “অস্ট্রেলিয়া দল, অস্ট্রেলীয় ক্রিকেট অথবা আমাদের কারোর যেন সম্মান হানি না হয়, সেজন্য আমি গোপনে সমস্যা সমাধানের আন্তরিক চেষ্টা করছিলাম। হয়তো বোকার মতোই ভেবেছিলাম, যে সব কারণে আমাকে বরখাস্ত করা হয়েছে, সে সব বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আমার সঙ্গে নিভৃতে আলোচনা করতে চাইবে।” হুট করে বরখাস্ত করায় সিএ’র প্রতি ভীষণ ক্ষুব্ধ ৪৫ বছর বয়সী আর্থার। তিনি জানান, “আমার মনে হচ্ছে সম্পূর্ণ অন্যায়ভাবে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে চলেছে। আমার সুনাম ও ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি হয়েছে। এর ফলে আমার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ। বরখাস্ত হয়ে আমি হতভম্ব ও মর্মাহত।”