২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে

গ্রায়েম সোয়ানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে লর্ডসে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১২৮ রানেই শেষ। তবে ২৩৩ রানের লিড পেলেও প্রতিপক্ষকে ফলো-অন করায়নি ইংল্যান্ড, আবার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 01:08 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

দ্বিতীয় ইনিংসে অবশ্য তেমন স্বস্তিতে নেই স্বাগতিকরা। তিন উইকেটে ৩১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। সব মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে ২৬৪ রানে।

শুক্রবার ৭ উইকেটে ২৮৯ রান নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ৩৬১ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব স্টুয়ার্ট ব্রড (৩৩) ও গ্রায়েম সোয়ানের (অপরাজিত ২৮)। শেষ জুটিতে ৪৮ রান যোগ করেন দুজনে।

প্রায় দেড় বছর পর টেস্ট খেলার সুযোগ পাওয়া রায়ান হ্যারিস ৭২ রানে নেন ৫ উইকেট। টেস্টে তৃতীয় বারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি।

জবাবে শেন ওয়াটসন (৩০) ও ক্রিস রজার্স (১৫) ৪২ রানের উদ্বোধনী জুটি গড়লেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হুড়মুড় করে ভেঙ্গে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয়-সর্বোচ্চ ২৮ রান আসে অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাট থেকে।

৪৪ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলীয়দের প্রধান ‘ঘাতক’ অফস্পিনার সোয়ান। টেস্টে এটা তার ষোড়শ বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পিটার সিডলের তোপ অস্বস্তিতে ফেলে দিয়েছে ইংল্যান্ডকে। অধিনায়ক অ্যালিস্টার কুক (৮), জোনাথন ট্রট (০) ও কেভিন পিটারসেনের (৫) তিনটি উইকেটই সিডলের।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৩৬১ (বেল ১০৯, বেয়ারস্টো ৬৭, ট্রট ৫৮; হ্যারিস ৫/৭২, স্মিথ ৩/১৮) ও ৩১/৩ (কুক ৮, রুট ১৮*, ট্রট ০, পিটারসেন ৫, ব্রেসনান ০*; সিডল ৩/৪)

অস্ট্রেলিয়া: ১২৮ (ওয়াটসন ৩০, রজার্স ১৫, খাজা ১৪, হিউজ ১, ক্লার্ক ২৮, স্মিথ ২, হ্যাডিন ৭, অ্যাগার ২, সিডল ২, প্যাটিনসন ১০*, হ্যারিস ১০; সোয়ান ৫/৪৪, ব্রেসনান ২/২৮, অ্যান্ডারসন ১/২৫, ব্রড ১/২৬)