মাঠে ফেরার অপেক্ষায় রাইডার
মৃত্যুর কোল থেকে ফিরে আসা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেসি রাইডার সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছেন।
গত মার্চে গভীর রাতে ক্রাইস্টচার্চের একটি পানশালার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাইডারের মাথার কয়েক জায়গা ফেটে যায়, ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়। দুই দিন ‘কোমা’তেও ছিলেন তিনি।
রাইডারের ব্যবস্থাপক অ্যারন ক্লি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ব্যাকুল রাইডার সাবেক কোচ ভন জনসনের অধীনে কয়েক দিনের মধ্যেই অনুশীলন শুরু করবেন।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে ফিটনেস ফিরে পাওয়ার জন্য রাইডার কঠোর পরিশ্রম করছেন। নিজের ভবিষ্যত নিয়ে নিউজিল্যান্ডের কোচ মাইক হেসনের সঙ্গে কথাও বলেছেন তিনি।
২৮ বছর বয়সী রাইডারকে নিয়ে ক্লি দারুণ আশাবাদী। তিনি বলেন, “সব কিছু ঠিক-ঠাক চললে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে খুব বেশি সময় লাগার কথা নয়।”
১৮ টেস্টে ৪০.৯৩ গড়ে ১,২৬৯ রান এবং ৩৯ ওয়ানডেতে ৩৪.৩৭ গড়ে ১,১০০ রান করেছেন রাইডার।
