ড্রাগ টেস্টে ব্যর্থ সাংওয়ান
আইপিএলের গত আসরে ড্রাগ টেস্টে উৎরাতে ব্যর্থ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি স্পিনার প্রদীপ সাংওয়ান।
পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফের পর আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাংওয়ানের নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, “আইপিএল চলার সময় প্রদীপ সাংওয়ানের নমুনায় নিষিদ্ধ উপাদানের আলামত পাওয়া গেছে। বিসিসিআই এরই মধ্যে দিল্লি ক্রিকেট সংস্থাকে সাংওয়ানের প্রথম নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়ার কথা চিঠি দিয়ে জানিয়েছে।”
সাংওয়ান নিষিদ্ধ মাদক না পারফরম্যান্স বর্ধক মাদক ব্যবহার করেছিলেন তা এখনো জানা যায়নি। ‘বি’ অর্থাৎ দ্বিতীয় নমুনা পরীক্ষার পরই এ ব্যাপারে নিঃসন্দেহ হওয়া যাবে। সাধারণত ‘এ’ ও ‘বি’ নমুনার পরীক্ষার ফলাফলে তেমন তারতম্য দেখা যায় না।
