২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিবীয় যাত্রা তামিম-আয়শার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে অংশ নিতে স্ত্রী আয়শাকে নিয়ে ঢাকা ছেড়েছেন তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 11:48 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিপিএলে অংশ নিতে সকাল দশটার দিকে দেশ ছেড়েছেন তামিম। টুর্নামেন্ট শেষে অগাস্টের শেষ দিকে দেশে ফেরার কথা রয়েছে তার।”

সিপিএলে সাকিব আল হাসান খেলবেন বার্বাডোজের হয়ে, আর তামিমের দল সেইন্ট লুসিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে তামিম-সাকিবের দল।

সিপিএল হবে ৩০ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত। ছয় দলের প্রতিযোগিতার বাকি চার দল অ্যান্টিগা, গায়ানা, জ্যামাইকা এবং ত্রিনিদাদ ও টোবাগো।

সেইন্ট লুসিয়ায় তামিমের সঙ্গী ড্যারিন স্যামি, হার্শেল গিবস, অ্যালবি মরকেলরা। আর বার্বাডোজে সাকিবের সতীর্থ কাইরন পোলার্ড, শোয়েব মালিক, ডোয়াইন স্মিথ ও উমর আকমল।

সাকিব-তামিম দুজনই দেশের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। তবে পুনে ওয়ারিয়র্সে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তামিম।

এখন ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে লিস্টারশায়ারের হয়ে খেলছেন সাকিব। সিপিএলে খেলতে ২৯ জুলাই ইংল্যান্ড ছাড়ার কথা রয়েছে তার।